গৃহবধূর হাতে ভাশুর খুন?
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গাংচিহালি গ্রামে গত সোমবার রাতে ছোট ভাইয়ের স্ত্রীর শাবলের আঘাতে মিজানুর রহমান (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পরিবারের একটি সূত্র জানিয়েছে, ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ার সময় ওই ঘটনা ঘটেছে।
মিজানুর রহমান উপজেলার ভাদ্রা ইউনিয়নের গাংচিহালি গ্রামের জহুর উদ্দিনের ছেলে। তাঁর দুবার বিবাহবিচ্ছেদ হয়েছে। তাঁরা তিন ভাই। এ ঘটনায় দায়ের করা মামলায় ছোট ভাইয়ের স্ত্রী বুলবুলি বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে সোমবার রাত একটার দিকে বুলবুলি বেগম মিজানুরের ঘরে ঢুকে তাঁকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। ঘটনাস্থালেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
তবে স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, বুলবুলির স্বামী সাইফুল ইসলাম ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। রাতে নিজের ঘরে একাই ঘুমাচ্ছিলেন বুলবুলি। গভীর রাতে ভাশুর মিজানুর ওই ঘরে ঢুকে বুলবুলিকে ধর্ষণের চেষ্টা করেন। তাঁর চিৎকার শুনে পাশের ঘর থেকে মিজানের মা এগিয়ে আসেন। এ সময় মিজান নিজের ঘরে চলে যান। বুলবুলি তখন শাবল নিয়ে মিজানুরের মাথায় আঘাত করেন।
ওসি জহিরুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় মিজানুরের ভাই মজিবুর রহমান বাদী হয়ে বুলবুলিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। বুলবুলিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।