গৃহবধূসহ চারজন খুন, তিনটি লাশ উদ্ধার
নোয়াখালীর সদর, শরীয়তপুরের ভেদরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এক গৃহবধূসহ চারজন খুন হয়েছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কুমিল্লার বুড়িচং থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
নোয়াখালী: সদর উপজেলার আন্ডারচর এলাকায় মনির আহম্মদ (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আন্ডারচর ইউনিয়নের শান্তিরহাট এলাকার মনির গতকাল রোববার বেলা ১১টার দিকে গ্রামের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় মাঠসংলগ্ন বাড়ির ছাকায়েত উল্লা ও তাঁর ছেলেরা বাধা দেন। এ নিয়ে বিরোধের একপর্যায়ে তাঁদের হামলায় মনির মারা যান। স্থানীয় লোকজন ছাকায়েতকে আটক করে পুলিশে দেন। সুধারাম থানার ওসি মোশারফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপর দিকে কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত সামছুল হকের বাড়ি থেকে গতকাল সকালে সুমি আক্তার (১৯) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।তিনি চর ফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবুল বাশারের মেয়ে। মৃত সামছুল হক তাঁর নানা।
সুমির মামা আবু নাসের দাবি করেন, তাঁর ভাগনি যে ঘরে ঘুমাতেন, সেটির পেছনের দরজা খোলা ছিল। দুর্বৃত্তরা তাঁকে ধর্ষণের পর হত্যা করেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাসুক মিয়া (৩৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। উপজেলার গুকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। গ্রামের মৃত সৈয়দ মিয়ার জমিজমা নিয়ে তাঁর দুই স্ত্রীর ছেলেদের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে গত শনিবার প্রথম পক্ষের ছেলে মাসুকের ওপর দিঘিরপাড় এলাকায় দ্বিতীয় পক্ষের ছেলে মঞ্জু মিয়া পাঁচ-ছয়জন যুবক নিয়ে হামলা চালান। তাঁদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মাসুক মারা যান। নাসিরনগর থানার ওসি আবদুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শরীয়তপুর: ভেদরগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে সেবত আলী দেওয়ান (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। উপজেলার সখিপুর থানার আর্শিনগর ইউনিয়নের শরীয়তপুর-চাঁদপুর সড়কে গত শনিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে।
সখীপুর থানার ওসি সমীর সরকার বলেন, জমিসংক্রান্ত বিরোধ থেকে এ হত্যাকাণ্ড হতে পারে।
টাঙ্গাইল: নাগরপুরে স্বামীর বিরুদ্ধে খালেদা বেগম (২২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নাগরপুর থানার ওসি আবু ওবায়দা খান বলেন, চার বছর আগে দৌলতপুর উপজেলার যুগিন্দা গ্রামের খালেদার সঙ্গে নাগরপুরের বিহালী খামার গ্রামের শহিদুল ইসলামের (২৬) বিয়ে হয়। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে গতকাল রোববার সকালে পুলিশ খালেদার লাশ উদ্ধার করে। নিহত গৃহবধূর বাবা আবদুল খালেক মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগে শহিদুল ও তাঁর মা-বাবাসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ গতকাল শাশুড়ি সখিনা বেগমকে গ্রেপ্তার করে।
ব্রাহ্মণবাড়িয়া: শহরের মেড্ডা শ্মশানঘাট-সংলগ্ন তিতাস নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া ইমাদ বিন ইসলামের (৩০) লাশ গতকাল রোববার সকালে উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বলেন, শনিবার শহরের কাজিপাড়ার বাসিন্দা ইমাদ নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন।
কুমিল্লা: বুড়িচং উপজেলার রামপাল গ্রামে বাড়ির সামনের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় বিপুল চন্দ্র দাস (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গ্রামের বিষু চন্দ্র দাসের ছেলে। বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন বলেন, ছেলেটি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।