গৃহবধূসহ তিনজন খুন, একজনের লাশ উদ্ধার
- শিবগঞ্জে খুন হন গৃহবধূ বাসনা রানী
- গাইবান্ধায় নিহত অটোরিকশাচালকের নাম চান মিয়া
- আত্রাইয়ে এক তরুণের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার স্বামীর বিরুদ্ধে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গাইবান্ধা সদর উপজেলায় নিখোঁজ হওয়ার আট দিন পর এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া পাবনার সাঁথিয়ায় ও নওগাঁর আত্রাইয়ে দুই তরুণের লাশ পাওয়া গেছে।
শিবগঞ্জ উপজেলার লছমনপুর গ্রামে নিজ বাড়ি থেকে গতকাল দুপুরে গৃহবধূ বাসনা রানীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের সঞ্জয় সিংহের স্ত্রী। এ ঘটনায় পুলিশ সঞ্জয়কে গ্রেপ্তার করেছে। বাসনার বাবার বাড়ি সদর উপজেলার লাহারপুর গ্রামে।
এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, সঞ্জয়ের অনৈতিক সম্পর্ক নিয়ে স্ত্রী বাসনার সঙ্গে প্রায়ই কলহ হতো। এর জের ধরে বুধবার রাতে সঞ্জয় তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। গতকাল সকালে তাঁর পরিবারের সদস্যরা প্রতিবেশীদের জানান, বাসনা আত্মহত্যা করেছেন। তখন স্থানীয় লোকজন থানায় খবর দেন এবং সঞ্জয়কে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় বাসনার বাবা সুনীল সিংহ বাদী হয়ে সঞ্জয়কে আসামি করে মামলা করেছেন।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, লাশের গলায় আঙুলের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাইবান্ধা সদর উপজেলায় নিহত অটোরিকশাচালকের নাম চান মিয়া (২৮)। নিখোঁজ হওয়ার আট দিন পর গতকাল দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথেরভিটা এলাকার একটি জলাশয় থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর চান মিয়া অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ ছিল। গতকাল সকালে স্থানীয় লোকজন রামনাথেরভিটা এলাকার বাঁধের পাশের একটি জলাশয়ে লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন। তবে অটোরিকশাটি পাওয়া যায়নি।
গতকাল বিকেলে গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) আরশেদুল হক মুঠোফোনে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
নওগাঁর আত্রাইয়ে গতকাল দুপুর ১২টার দিকে আহসানগঞ্জ ইউনিয়নের বেওলা ইটভাটাসংলগ্ন আত্রাই নদ থেকে এক তরুণের (২৪) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) মো. আকরাম আলী বলেন, লাশটির মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে এবং লাশের শরীর ফুলে গেছে। এ জন্য পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পাবনায় নিহত আবদুল বাসেদের (২০) বাড়ি সাঁথিয়া উপজেলার ভিটবিলা গ্রামে। গতকাল ভোরে কাশিনাথপুর এলাকায় পাবনা-ঢাকা মহাসড়ক থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, মহাসড়কের ওপর লাশটি পড়ে ছিল। ভোরে স্থানীয় লোকজন তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। মাথপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের অগোচরে রাতে বাড়ি থেকে বের হন। ধারণা করা হচ্ছে, মহাসড়কে যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে তাঁর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ; পাবনা অফিস এবং গাইবান্ধা ও আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি}