গৃহবধূসহ তিনজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোসাইরহাট থেকে গতকাল বৃহস্পতিবার কল্পনা আক্তার নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন ফরিদপুর শহর থেকে সজল আলী নামের এক তরুণের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। এদিকে সাতক্ষীরায় মারপিটের শিকার এক ভ্যানচালকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
শরীয়তপুর: পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোসাইরহাটের মিত্রসেন পট্টির জলিল সরদারের মেয়ে কল্পনা আক্তার (১৯) ঢাকার মিরপুরে পোশাক তৈরির একটি কারখানায় কাজ করতেন। সেখানে রংপুর সদর উপজেলার বাউপাড়া গ্রামের হায়দার ব্যাপারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। গত জানুয়ারি মাসে দুজনে বিয়ে করেন। কল্পনা গত ঈদের আগে গোসাইরহাটে বাবার বাড়িতে আসেন। স্ত্রীকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য গত মঙ্গলবার হায়দার শ্বশুরবাড়িতে আসেন। বুধবার সন্ধ্যায় কল্পনা ও হায়দারের মধ্যে ঝগড়া হয়। এরপর দুজন একসঙ্গে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর হায়দার বাড়িতে ফিরে আসেন এবং রাত আটটার দিকে লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা হন। কিন্তু কল্পনার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা হায়দারের মুঠোফোনে যোগাযোগ করেন। মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। গতকাল সকালে জলিল সরদারের বসতঘরের পেছনে কল্পনার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন লোকজন। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ফরিদপুর: ফরিদপুর শহরের একটি বাড়ি থেকে গতকাল সকালে সজল আলীর (২২) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি স্থানীয় মোল্লাবাড়ী সড়কের ওই বাড়িতে ভাড়া থাকতেন। সজলের বাবা ইমান আলী বলেন, ‘ওই সড়কে সজল চা-শিঙাড়ার দোকান চালাত। এ জন্য প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠত সে। কিন্তু গতকাল ঘুম থেকে না ওঠায় আমি ঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখি বিছনার ওপর সজলের হাত-পা বাঁধা লাশ পড়ে আছে।’
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক আবুল হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা: সাতক্ষীরা সদর হাসপাতালে মারা যাওয়া ভ্যানচালকের নাম মো. আলী বিশ্বাস (৪৫)। তাঁর বাড়ি সাতক্ষীরার তালা থানার পরানপুর গ্রামে। নিহত মো. আলী বিশ্বাসের স্ত্রী আমেনা খাতুন জানান, তাঁর স্বামী বুধবার সকাল নয়টার দিকে ভাড়ায়চালিত ভ্যান নিয়ে কলারোয়া উপজেলায় চান্দুড়িয়া বাজারে যাচ্ছিলেন। পথে অন্য এক ভ্যানচালকের শরীরে তাঁর (মো. আলী) ভ্যানের ধাক্কা লাগে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে বেদম মারপিট করা হয়। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তিনি মারা যান।
কলারোয়া থানার ওসি আবু সালেহ মো. মাসুদ করিম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।