গৃহবধূসহ দুজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় একজন গৃহবধূসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, গৃহবধূ শিরিন তাঁর স্বামীর সঙ্গে বাড্ডার ১৫ আনন্দনগর এলাকায় থাকতেন। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ ওই বাসার খাটের ওপর থেকে শিরিনের লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। শিরিনের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
শিরিনের ভাই আবুল কাশেম অভিযোগ করেন, শিরিনের সঙ্গে ঝগড়াঝাঁটির জের ধরে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছেন স্বামী সেলিম।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার মণ্ডল জানান, শিরিনের মৃত্যুর ঘটনায় সেলিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল সকালে শিরিনের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। একপর্যায়ে সকালে সেলিম প্রতিবেশীদের জানান, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন।
গতকাল সকাল ১০টার দিকে পুরোনো বিমানবন্দরের রানওয়ে-সংলগ্ন একটি লেক থেকে পুলিশ অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে। ক্ষত-বিক্ষত লাশটিতে পচন ধরেছে। তাঁর বসয় ২৫ বছর হতে পারে। পরনে ছিল থ্রি-কোয়ার্টার প্যান্ট ও তিনটি গেঞ্জি।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ বিশ্বাস জানান, কয়েক দিন আগে ওই যুবককে হত্যা করে লাশ লেকের পানিতে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
আরও দুটি অস্বাভাবিক মৃত্যু: গতকাল সকাল সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন বলাকা ভবনের উত্তর পাশের রাস্তায় ইট ভাঙার মেশিনবাহী ট্রাক উল্টে গেলে এর নিচে চাপা পড়ে একজন নির্মাণশ্রমিক নিহত হন। তাঁর নাম শাহনাজ আক্তার।
বিমানবন্দর থানার এসআই মেহেদী হাসান জানান, শাহনাজ ওই ট্রাকে করে খিলক্ষেত থেকে উত্তরায় যাচ্ছিলেন।
দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ তুরাগ থানার ভাটরিয়া এলাকার একটি বাসা থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মো. শাফি (১৪) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করে। মা-বাবার সঙ্গে সে ওই বাসায় থাকত। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শাফি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন দাবি করে তার বাবা রফিকুল ইসলাম পুলিশকে জানিয়েছেন বলে থানা সূত্রে জানা গেছে।