জামালপুরের ইসলামপুর উপজেলায় গণধর্ষণের শিকার গৃহশিক্ষিকার জ্ঞান ফিরেছে। তবে তিনি কথা বলছেন না। এদিকে, পরিবার সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য না দিতে পারায় তাঁর স্বজনদের খবর দিতে পারেনি পুলিশ।
জামালপুর সদর হাসপাতালে গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, পুলিশি পাহারায় তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিছু জিজ্ঞেস করলে মাথা নাড়িয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেন। তাঁর চিকিৎসা নিশ্চিত করতে জামালপুরের সিভিল সার্জন মো. মোশায়ের উল ইসলাম গাইনি বিভাগের বিশেষজ্ঞ ফাখরিয়া আলমকে প্রধান করে চার সদস্যের একটি মেডিকেল দল গঠন করে দিয়েছেন। ফাখরিয়া আলম বলেন, গত বুধবারের চেয়ে গতকাল তিনি কিছুটা সুস্থ ছিলেন। তাঁর চিকিৎসার জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
থানা-পুলিশ জানায়, ইসলামপুর উপজেলার পৌর শহরের নূরনবী নামের এক যুবকের সঙ্গে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই শিক্ষিকার। বিয়ের কথা বলে গত ২৮ জুলাই নূরনবী গাজীপুরের জিরানী এলাকা থেকে ওই গৃহশিক্ষিকাকে ইসলামপুরে নিয়ে আসেন। এরপর তিন দিন ধরে ওই গৃহশিক্ষিকাকে ধর্ষণ করেন। গত শনিবার থেকে উপজেলার যমুনার দুর্গম চরের একটি ঘরে আটকে রেখে তাঁকে নূরনবীসহ তাঁর কয়েকজন বন্ধু ধর্ষণ করেন। গত বুধবার শিক্ষিকাকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান তাঁরা। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।