গেন্ডারিয়ায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গেন্ডারিয়ায় গতকাল রোববার দুপুরে নিজ বাড়িতে সানি সরকার (৪৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, গৃহকর্মী যুবক এ ঘটনা ঘটিয়েছেন।
সূত্র জানায়, সানি সরকার স্ত্রী ও দুই সন্তান নিয়ে গেন্ডারিয়া থানার আলমগঞ্জে নিজের দোতলা বাড়িতে থাকতেন। বাড়ির ছাদে তিনি কবুতর পালতেন। গতকাল বেলা সোয়া একটার দিকে তিনি কবুতরগুলোকে দেখভাল করতে ছাদে যান। প্রায় আধা ঘণ্টা পর গলা ধরে তিনি চিৎকার করে নিচে নামেন। গলাসহ তাঁর শরীরের বিভিন্ন স্থানে তখন রক্ত ঝরছিল। পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সানির বোন মোছাম্মৎ ইয়াসমিন প্রথম আলোকে বলেন, বাড়িটি তাঁদের পৈতৃক। নিচতলায় তাঁর (ইয়াসমিন) মেয়ে পরিবার নিয়ে থাকেন। তিনি থাকেন রায়েরবাজারে। রায়েরবাজারে তাঁদের সঙ্গে থাকেন গৃহকর্মী জুম্মন। তাঁদের বাবাকে দেখভাল করতেন জুম্মন। বাবা মারা যাওয়ার পর জুম্মন তাঁদের সঙ্গেই থাকছেন।
ইয়াসমিন জানান, আলমগঞ্জের বাড়ির নিচতলার একটি ঘর ভাড়া দেওয়ার জন্য ঘরটিতে কাজ চলছিল। তা দেখতে তিনি সপ্তাহ খানেক আগে ওই বাড়িতে গেলে জুম্মনও সঙ্গে যান। গতকাল দুপুরে সানি বাড়ির ছাদে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর রক্তাক্ত অবস্থায় নিচে নেমে দ্রুত তাঁকে হাসপাতালে নিতে বলেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।