শ্যামপুরে যুবক খুন
রাজধানীর শ্যামপুরে ছুরিকাঘাতে মো. শাহেদ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শ্যামপুরের ঢালকানগরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. পাপ্পু (২৭) নামের স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আব্দুর রাজ্জাক বলেন, রাতে বাসা থেকে বের হয়েছিলেন শাহেদ। তাঁর বাসার সামনে প্রতিবেশী এক যুবক শাহেদের কাছে এত রাতে বের হওয়ার কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে শাহেদ ওই যুবককে চড় মারেন। কিছুক্ষণ পর আরেক প্রতিবেশী পাপ্পু ওই যুবক ও আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে শাহেদকে মারধর করেন। এ সময় ছুরিকাঘাতে আহত হন শাহেদ। স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সন্দেহভাজন পাপ্পুকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।