গোদাগাড়ীতে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আবদুস সামাদ (৬৫) নামের এক ব্যক্তি গত মঙ্গলবার রাতে হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় গতকাল বুধবার থানায় একটি হত্যা মামলা হয়েছে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পাকড়ি ইউনিয়নের চাতরা গ্রামের আবদুস সামাদ ও হযরত আলীর মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে হযরত আলী তাঁর লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমি দখল করতে যান। এ সময় আবদুস সামাদ বাধা দেন। একপর্যায়ে হযরত আলী ও তাঁর লোকজন সামাদকে লাঠি দিয়ে পিটিয়ে ও হাঁসুয়া, দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে সামাদের লোকজনও ঘটনাস্থলে ছুটে যান। এ সময় দুই পক্ষের শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা, হাঁসুয়া, দা, কোদাল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সামাদের মৃত্যু হয়।