গোপন ইজারায় তুরাগ ভরাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বালু ফেলে রাজধানীর সিন্নিরটেক এলাকায় তুরাগ নদ এভাবেই দখল করা হচ্ছে। ছবিটি শুক্রবার দুপুরের l ছবি: আশরাফুল ইসলাম
বালু ফেলে রাজধানীর সিন্নিরটেক এলাকায় তুরাগ নদ এভাবেই দখল করা হচ্ছে। ছবিটি শুক্রবার দুপুরের l ছবি: আশরাফুল ইসলাম

চার মাসের ব্যবধানে তুরাগ নদে দখলের ধরন বদলে গেছে। মাঝখানে খালি কোনো জায়গা নেই, ভরাট হয়েছে ধারাবাহিকভাবে। তুরাগতীরের সিন্নিরটেক থেকে আশুলিয়া এলাকায় এমন দখলযজ্ঞ দেখা গেছে গতকাল শুক্রবার। এগুলো গোপন ইজারায় ভরাট হচ্ছে বলে জানা গেছে।
গত আগস্ট মাসে এলাকা ঘুরে দেখা গিয়েছিল, ওই এলাকায় অন্তত ৫০০ গজ অংশ খালি রেখে ভরাটকাজ চলছে। ভরাট অংশ ছিল ৫০টির মতো। গতকাল দেখা গেছে, ভরাট অংশগুলো একটার সঙ্গে একটা মিশে গেছে।
মিরপুর মাজার রোড পেরিয়ে গাবতলী থেকে বাঁক নিয়ে সিন্নিরটেকে যাওয়ার পথে দেখা গেল ১০টির মতো এক্সকাভেটর। ভরাট অংশ সমতল করার কাজে সেগুলো নিয়োজিত। দেখে মনে হচ্ছিল কোনো সরকারি উন্নয়নকাজ চলছে।
গতকাল সকালে ভরাটকাজ দেখভাল করছিলেন আমির হোসেন নামের এক ব্যক্তি। জানতে চাইলে বলেন, পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে ইজারা নিয়ে নিচু জমি ভরাট করা হয়েছে। তার ‘স্যার’ জায়গা ইজারা পেয়েছেন। স্যারের নাম জানতে চাইলে তিনি তা বলেননি। যাঁরা এক্সকাভেটর চালাচ্ছিলেন, তাঁদের দুজনকে প্রশ্ন করলে তাঁরা বলেন, এখানে ভাড়ায় খাটতে এসেছেন।
পরে স্থানীয় কিছু লোকের সঙ্গে কথা বলে এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্রে জানা যায়, সিন্নিরটেক থেকে বিরোলিয়া, আশুলিয়া হয়ে টঙ্গী পর্যন্ত রাস্তার দুপাশে প্রায় আড়াই শ ফুট অংশ পাউবোর অধিগ্রহণ করা। পাউবোর গোরান চটবাড়ী পাম্প স্টেশনের তিনজন কর্মকর্তা গোপনে স্থানীয় কিছু লোককে এসব জায়গা ভরাটের মৌখিক অনুমতি দিয়েছেন। ভরাট করা জায়গা আপাতত খালি রাখা হয়েছে। পরে সুবিধামতো এখানে স্থাপনা তৈরি করা হবে।
পাউবোর অতিরিক্ত মহাপরিচালক বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, শুধু সিন্নিরটেক বা আশুলিয়ায় নয়, মিলব্যারাক, মিটফোর্ড থেকে টঙ্গী পর্যন্ত রাস্তার দুধারে পানি উন্নয়ন বোর্ডের আড়াই শ ফুট করে জায়গা আছে। অনেক জায়গা বেদখলে। এর মধ্যে কিছু অংশ অবশ্য সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। সিন্নিরটেক ও আশপাশের এলাকায় পাউবোর কারা জায়গা ইজারা দিয়েছেন, তিনি জানেন না বলে জানান।
বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দর কার্যালয় থেকে প্রধান কার্যালয়ে গত সপ্তাহে ৯০টি অবৈধ স্থাপনার একটি তালিকা পাঠানো হয়েছে। গাবতলী থেকে সিন্নিরটেক পর্যন্ত ৫০টি সীমানা খুঁটির মধ্যে এসব অবৈধ স্থাপনা পড়েছে। সংশ্লিষ্ট একজন বন্দর কর্মকর্তা বলেন, প্রধান কার্যালয়ের অনুমোদন পাওয়ার পর জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় তালিকা অনুসারে অভিযান চালানো হবে।
বিরোলিয়া ও আশপাশে ভরাট করা কিছু অংশে বালুর ব্যবসাও চলছে। বিরোলিয়া বাসস্ট্যান্ড এলাকার একজন দোকানি বলেন, মো. ইমরান নামের এক ব্যক্তি আগে থেকেই এখানে নদের জায়গা ভরাট করে বালুর ব্যবসা করছেন। বালু ব্যবসায় জন্য তিনি অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনুমোদন নিয়েছেন বলে এলাকায় প্রচার করছেন। বর্তমানে তাঁর সঙ্গে আছেন এলাকার কিছু মাস্তান। তাঁদের ভয়ে কেউ কিছু বলে না। গতকাল অবশ্য ছুটির দিন বলে কাউকে এলাকায় পাওয়া যায়নি।
বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের সংশ্লিষ্ট বিভাগ থেকে বলা হয়, বর্তমানে তুরাগ নদের তীরে বালুর ব্যবসার জন্য কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। অতীতে যাঁরা বালু, মাটি বা ইটের ব্যবসা করতেন, তাঁদের অনুমোদন বাতিল করা হয়েছে।