গোপনে দরপত্র বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো অব্যবহৃত সামগ্রী বিক্রির দরপত্র গোপনে বিক্রি করা হয়েছে। অভিযোগ উঠেছে, পছন্দের লোককে কম দামে কাজটি পাইয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষ কোনো প্রচারণা ছাড়াই দরপত্র বিক্রি করেছে।
এর আগে গত বছর একই কায়দায় বিজ্ঞপ্তি ছাড়াই দরপত্র আহ্বান করা হয়েছিল। ওই সময় স্থানীয় ব্যক্তিদের বাধার কারণে তা স্থগিত করা হয়।
অভিযোগ রয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো চেয়ার, বৈদ্যুতিক পাখা, বেডসহ চার-পাঁচ লাখ টাকার বিভিন্ন সামগ্রী বিক্রির জন্য গত বছরের ডিসেম্বরে দরপত্র আহ্বান করা হয়। ওই সময়ে গোপনে শুধু রাজশাহী শহরের তিনজনের কাছে দরপত্র বিক্রি করা হয়। বিষয়টি স্থানীয় ব্যক্তিদের মধ্যে জানাজানি হওয়ার পর তাঁরা এর প্রতিবাদ করেন। তাঁদের প্রতিবাদের মুখে গত বছরের ১৪ ডিসেম্বর স্বাস্থ্য কর্মকর্তা তা স্থগিত করেন।
স্থানীয় বাসিন্দা তপন কুমার সরকার জানান, ওই সময়ে কোনো দরপত্র বিজ্ঞপ্তি প্রচার করা হয়নি। বিষয়টি জানার পর এলাকাবাসী প্রতিবাদ করলে কর্তৃপক্ষ নিজের ভুলের কথা স্বীকার করে তা স্থগিত করে।
এলাকার তিন-চারজন ঠিকাদার অভিযোগ করেন, স্থগিত হওয়ার পর উপজেলা স্বাস্থ্য বিভাগ আবারও গোপনে তা বিক্রির উদ্যোগ নেয়। এবার কর্তৃপক্ষ কোনো প্রচারণা ছাড়াই গোপনে পছন্দের স্থানীয় দুই ব্যক্তির কাছে দরপত্র বিক্রি করেছে। গতকাল দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশ বোর্ডে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি ঝোলানো হলে বিষয়টি প্রকাশ পায়। এ সময় স্থানীয় কয়েকজন ঠিকাদার দরপত্র কিনতে গেলে বিক্রির সময় শেষ হয়েছে বলে জানানো হয়।
আলাল নামের এক ঠিকারদার অভিযোগ করেন, স্বাস্থ্য কর্মকর্তার পছন্দের লোককে কম দামে সেগুলো দেওয়ার জন্যই দরপত্র বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়নি। তিনিসহ স্থানীয় সাত-আটজন দরপত্র কিনতে গেলেও তাঁদের দেওয়া হয়নি।
মজনুর রহমান নামের আরেক ব্যক্তি অভিযোগ করেন, গোপনে আবার দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র বিক্রির সময় শেষ হওয়ার এক দিন পর গতকাল নোটিশ ঝোলানো হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সর দুজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে নোটিশটি গতকালই বোর্ডে টাঙানো হয়েছে বলে স্বীকার করেন।
গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশ বোর্ডে ২৩ মার্চ ও ৬ এপ্রিল স্বাক্ষরিত এ-সংক্রান্ত দুটি নোটিশ টাঙানো রয়েছে। নোটিশের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরে দেওয়ার কথা উল্লেখ রয়েছে। তবে তাদের দপ্তরে গিয়ে কোনো নোটিশ পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল ইসলাম দাবি করেন, নোটিশগুলোতে তিনি স্বাক্ষর করেছেন। কেন দপ্তরগুলোতে পৌঁছায়নি, তা বলতে পারছেন না। গোপনে পছন্দের লোকের কাছে দরপত্র বিক্রি প্রসঙ্গে তিনি বলেন, এবার স্থানীয় দুজনের কাছে বিক্রি করা হয়েছে, কোনো অনিয়ম হয়নি।