গোপনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইনজীবীকে সাজা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় এক নির্বাহী ম্যাজিস্ট্রেট গোপনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক আইনজীবীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদে গতকাল বুধবার মাগুরা জেলা আইনজীবী সমিতি শহরে বিক্ষোভ সমাবেশ করে।
আইনজীবীরা জানান, ২০ অক্টোবর কার্যবিধির ১০৭ ধারার একটি মামলার শুনানির সময় মামলার বিবাদীপক্ষের আইনজীবী এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ফিরোজুর রহমানের সঙ্গে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্টেট সেলিনা বানুর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে বিচারক গোপনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফিরোজুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। বিষয়টি গতকাল জানাজানি হয়।
ফিরোজুর রহমান বলেন, ‘থানায় গ্রেপ্তারি পরোয়ানা যাওয়ার পর আমি বিষয়টি জানতে পারি। পরে আমি আইনজীবী সমিতিকে লিখিতভাবে বিষয়টি জানাই।’ তিনি অভিযোগ করে বলেন, কার্যবিধির ১০৭ ধারার ওই মামলাটি প্রায় পাঁচ মাস আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা বানুর আদালতে করা হয়। পাঁচ মাসে তিনি শুনানির জন্য পাঁচবার তারিখ নির্ধারণ করেন। কিন্তু শুনানি করেননি। বরং গত সোমবার মামলার নির্ধারিত শুনানির দিনে দ্বিতীয় পক্ষকে ধমক ও ভর্ৎসনা করেন। এ নিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তাঁর তর্ক-বিতর্ক ও উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
মাগুরার জ্যেষ্ঠ আইনজীবী ময়েন উদ্দিন বলেন, ওই আইনজীবী যদি আদালত অবমাননার মতো কোনো কাজ করে থাকেন, তাহলে বিচারক তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে পারতেন। আইনানুযায়ী আসামির উপস্থিতিতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সাজা দেন। কিন্তু এখানে তা করা হয়নি। আসামি আদালতের সামনে উপস্থিত ছিলেন না।
যোগাযোগ করা হলে মাগুরা জেলা প্রশাসক মাহবুবর রহমান বলেন, ‘আমি এখনো নথি দেখিনি। মামলার নথি দেখলে ওই ব্যাপারে মন্তব্য করতে পারব।’
নির্বাহী ম্যাজিস্টেট সেলিনা বানুর অফিসে গিয়ে এবং মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।