গোপালগঞ্জ ও খুলনায় দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ ও খুলনায় গত রোববার রাতে দুই ব্যক্তি খুন হয়েছেন। এর মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে গোপালগঞ্জ সদর উপজেলায় ফরিদ সিকদার নামের এক ব্যক্তিকে তাঁর ছোট ভাই কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে খুলনা নগরের আড়ংঘাটা থানার একটি বিল থেকে মহিদুল ইসলাম নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফরিদ সিকদারের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর গ্রামে। রোববার রাত আটটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার কাজীপাড়া গ্রামের সৌদিপ্রবাসী খালাতো ভাই হাফিজ উদ্দিন খানের বাড়িতে ফরিদকে (৫০) হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর ছোট ভাই মিরাজ সিকদার, দুই ভাতিজা রিয়াজ সিকদার (১৭) ও আমিন সিকদার (১১) এবং ভাগনে আল-আমিনকে (২৮) আসামি করে সদর থানায় মামলা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে গত শনিবার রাতে ফরিদ তাঁর ছোট ভাই মিরাজ ও এক বোনের ঘর আগুনে পুড়িয়ে দেন। এরপর তিনি গোপীনাথপুরের কাজীপাড়া গ্রামে তাঁর খালাতো ভাইয়ের ওই বাড়িতে আত্মগোপন করেন। রোববার রাতে মিরাজ, তাঁর দুই ছেলে ও ভাগনে ওই বাড়িতে যান। বাড়ির একটি কক্ষেই ফরিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। তখন ওই কক্ষের ছিটকিনি ভেতর থেকে আটকে দেওয়া হয়। লোকজন বাড়িটি ঘেরাও করে রাখেন।
সদর থানার ওসি সেলিম রেজা বলেন, খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মাথার ওপর হাত রেখে কক্ষের ভেতরের লোকদের বাইরে আসতে বলা হয়। মিরাজসহ চারজন বাইরে এলে গ্রেপ্তার করা হয়। ফরিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মিরাজও আহত হয়েছেন। তাঁকে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে খুলনা নগরের আড়ংঘাটা থানার বিল পাবলা এলাকা থেকে গতকাল সোমবার সকালে মহিদুল ইসলামের (৪২) গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। মহিদুল দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের ছোট ভাই। বাড়ি দৌলতপুরের দিয়ানা এলাকায়। ওই বিলে তাঁর মাছের ঘের ছিল।
শহীদুল ইসলাম বলেন, মহিদুল রোববার রাত আটটার দিকে ফোন পেয়ে আড়ংঘাটা ঘেরের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে যান। এর প্রায় এক ঘণ্টা পর তাঁর মুঠোফোনে ফোন করা হলেও তা কেউ ধরছিলেন না।