গোপালগঞ্জ ও যশোরে দুই নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে গত শনিবার এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিনে যশোরের অভয়নগর উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুলী ইউনিয়নের রামদিয়া পশ্চিমপাড়া গ্রামের গৃহবধূ তাহমিনা (২৭) ও যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার বউবাজার গ্রামের মাছুরা বেগম (৪৮)।
রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) হাদী আবদুল্লাহ বলেন, গতকাল সকালে নিহত তাহমিনার স্বামী বেলায়েত হোসেন বাড়ির সামনে একটি গাছে গলায় শাড়ি প্যাঁচানো অবস্থায় স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
বেলায়েত হোসেন বলেন, তাঁর স্ত্রী অভিমান করে আত্মহত্যা করেছেন। তবে তাহমিনার বাবা তোবারকের অভিযোগ, নানা বিষয়ে তাঁর মেয়ে ও জামাতার মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বেশির ভাগ সময়েই তাঁদের বনিবনা হতো না। এর জের ধরে তাহমিনাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
হাদী আবদুল্লাহ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার বৌবাজার গ্রামে নিহত মাছুরা বেগমের ছোট বোন শাহিনা বেগম বলেন, মাছুরা ছেলেমেয়েদের নিয়ে ঢাকায় থাকেন। মাঝেমধ্যে তিনি নওয়াপাড়ায় তাঁর ভাই ফিরোজ আহমেদের বাড়িতে বেড়াতে আসতেন। গত বুধবার তিনি ঢাকা থেকে নওয়াপাড়ায় আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি তাঁদের বাড়িতে আসেন। কিছুক্ষণ পর তিনি চলে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর মুঠোফোন বন্ধ থাকায় অনেক চেষ্টা করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, গতকাল দুপুরে এলাকার জিহাদ হোসেন পুকুরে মাছ মারতে যান। এ সময় তিনি পুকুরপাড়ে গর্তের মধ্যে এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
তিনি ধারণা করছেন, তাঁর বোন মাছুরার কাছে ১ লাখ ৩০ হাজার টাকা এবং দুই ভরি ওজনের সোনার দুটি হার ছিল। ওই টাকা ও স্বর্ণালংকারের জন্য তাঁকে হত্যা করা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দীন বলেন, কী কারণে মাছুরা বেগমকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।