গোপালগঞ্জে আনসার সদস্য, নড়িয়ায় তরুণকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আদমপুর বাজার এলাকায় গত রোববার রাতে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। একই রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পণ্ডিতসার শিমুলতলা গ্রামে তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মুকসুদপুরে নিহত ব্যক্তির নাম আকতার মোল্লা (৫৫)। তাঁর বাড়ি গোপালপুর গ্রামে। নড়িয়ায় হত্যার শিকার তরুণের নাম রিগান দেওয়ান (২৫)। তাঁর বাড়ি পণ্ডিতসার গ্রামে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নিহত আকতার মোল্লার ছোট ভাই ইকতার মোল্লার সঙ্গে একই গ্রামের বাসিন্দা ও ভায়রা ভাই বিল্লাল মোল্লার পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। বিরোধের বিষয়টি নিয়ে আলোচনা করতে রোববার রাতে আকতার মোল্লা তাঁর ভাই ইকতার মোল্লা (৪৫) ও ইলিয়াস মোল্লাকে (৪০) নিয়ে আদমপুর বাজারে বিল্লাল মোল্লার কাছে যান। সেখানে একপর্যায়ে বিল্লাল মোল্লা ও তাঁর লোকজন আখতার মোল্লার ওপর চড়াও হয়ে লাঠি দিয়ে পেটায়। এতে আকতার মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, এ ঘটনায় ইলিয়াস মোল্লা গতকাল সোমবার হত্যা মামলা করেছেন। বিল্লাল মোল্লা পলাতক রয়েছেন। পুলিশ একই গ্রামের এজাহারভুক্ত আসামি ফায়েক মোল্লাকে গ্রেপ্তার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নড়িয়া থানা-পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্র জানায়, রিগান দেওয়ান বাড়ির পাশে মুদি ব্যবসা করতেন। জেলা যুবলীগের সহসভাপতি ও শালধ গ্রামের নাছির ফকির ও পণ্ডিতসার গ্রামের যুবলীগের কর্মী মিন্টু মিরমালতের মধ্যে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। ডিঙ্গামানিক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আলম তপদার ও মিন্টু মিরমালত কয়েক দিন আগে রিগানকে তাঁর দোকানে নাছির ফকিরের লোকজনকে বসতে দিতে নিষেধ করেন। এ নিয়ে রিগানের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। তাঁরা রিগানকে হত্যার হুমকি দেন। রোববার রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে বাবা-মায়ের মাথায় অস্ত্র ঠেকিয়ে দুর্বৃত্তরা রিগানকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ গতকাল সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
নড়িয়া থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শালধ গ্রামের ইমরান হাওলাদার নামের একজনকে আটক করা হয়েছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, মোরেলগঞ্জ উপজেলায় গতকাল সোমবার জান্নাতি আক্তার (১১) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। জান্নাতিকে হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ সেলিনা বেগম (৫০) নামের এক নারীকে আটক করেছে।
জান্নাতি আক্তার উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর বারইখালী গ্রামের জালাল উদ্দিন শেখের মেয়ে এবং স্থানীয় বারইখালী মানিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। আটক সেলিনা একই গ্রামের সরোয়ার হোসেনের স্ত্রী এবং সম্পর্কে জান্নাতির চাচি হন।
বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি, মোরেলগঞ্জ সার্কেল) এনামুল হক বলেন, জান্নাতির বাবা জালাল উদ্দিন শেখের সঙ্গে তাঁর ফুফাতো ভাই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সরোয়ার হোসেনের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এর জের ধরে জান্নাতিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।