গোপালগঞ্জে কলেজছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ
গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে এক কলেজছাত্রীর শরীর। বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় স্থানীয় এক যুবক তার ওপর অ্যাসিড ছুড়েছে বলে অভিযোগ ওই ছাত্রীর পরিবারের।
ওই ছাত্রীকে শনিবার ভোরে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল শনিবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) নিয়াজ মোহাম্মদ জানান, ওই ছাত্রীর মুখমণ্ডল, গলা, বাঁ হাতসহ শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।
ওই ছাত্রীর বাবা জানান, রাতে তাঁর মেয়ের চিৎকার শুনে ঘরের বাইরে গিয়ে দেখেন, রথীন নামের এক যুবক পালিয়ে যাচ্ছে।
মেয়েটির মা বলেন, দুই বছর ধরে রথীন তাঁর মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তাতে ব্যর্থ হয়ে পরে বিয়ের প্রস্তাব দেয়। সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর থেকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছিল সে।
এ বিষয়ে জানতে চাইলে রথীনের মা সাবিত্রী ঘোষ বলেন, ‘আমার ছেলে ওই মেয়েকে ভালোবাসত। সে কেন অ্যাসিড মারতে যাবে?’
স্থানীয় বৈলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু নাঈম জানান, প্রাথমিক তদন্তে অ্যাসিড ছোড়ার ঘটনায় রথীন জড়িত বলে জানা গেছে। তবে রথীন পলাতক।
অ্যাসিডদগ্ধ কলেজছাত্রীর বাবা গতকাল বিকেলে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, এ মামলায় রথীন ঘোষ, তার বাবা রাজু ঘোষ ও মা সাবিত্রী ঘোষের নাম উল্লেখ করা হয়েছে। সাবিত্রীকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।