গোপালগঞ্জে কলেজছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের একটি বাগান থেকে আজ রোববার দুপুরে তপতী বল (১৮) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তপতী ওই গ্রামের হাজী লাল মিয়া সিটি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আবু নাঈম সাংবাদিকদের বলেন, তপতী পরিবারের সঙ্গে কৃষ্ণপুর গ্রামে থাকতেন। গতকাল রাত ১০টার দিকে পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে তপতী ঘুমাতে যান। সকালে তাঁকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। পরে আজ সকালে বাড়ি থেকে অদূরে একটি বাগানের তপতীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে দুপুরে তপতীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই আবু নাঈম বলেন, নিহতের গলায় দাগ আছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।