গোপালগঞ্জে গুলিবিদ্ধ 'ডাকাত' আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে শওকত মুন্সি (৩৫) নামের এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। তিনি সদর উপজেলার গোবরা গ্রামের ফরহাদ মুন্সির ছেলে। আহত শওকতকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের দাবি, শওকত মুন্সি ডাকাতদলের সদস্য, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গুলিতে আহত হন তিনি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানিয়েছেন, শনিবার গভীর রাতে একদল ডাকাত ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়। গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে ৭/৮ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। তখন পুলিশ গুলি ছুড়লে শওকত নামের এক ডাকাত সদস্য ডান পায়ে গুলিবিদ্ধ হন। পরে পুলিশ তাঁকে আটক করে। এ সময় অন্য ডাকাতেরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে রামদাসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।