গোপালগঞ্জে চাঁদা আদায় নিয়ে শ্রমিকদের সংঘর্ষ
গোপালগঞ্জে বাস ও ট্রাকসহ অন্যান্য পরিবহন থেকে চাঁদা তোলা নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার পুলিশ লাইন বাসস্ট্যান্ড মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইদুর রহমান ওরফে বাসু পক্ষের সঙ্গে বুলবুল ইসলাম পক্ষের শ্রমিকদের গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এরপর বেলা দুইটার দিকে কয়েক দফা সংঘর্ষ হয়। পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে ইটের আঘাতে অন্তত ১২ শ্রমিক আহত হয়েছেন। আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষ চলাকালে ঢাকা-খুলনা মহাসড়কে যানবহন চলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বাসু ও বুলবুল পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাস ও ট্রাকসহ অন্যান্য পরিবহন থেকে চার-পাঁচ মাস আগে থেকে চাঁদা তোলা বন্ধ রাখা হয়েছিল। কিন্তু বাসু পক্ষের লোকজন গোপনে চাঁদা উঠাচ্ছিলেন। এতে বুলবুল পক্ষের লোকজন বাধা দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল বাসু পক্ষের লোকজন বুলবুল পক্ষের লোকজনের ওপর হামলা করেন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।