গোপালগঞ্জে ছুরিকাঘাতে হিন্দু সাধু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুরিকাঘাতে আহত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পরমানন্দ রায় (৭০) নামের এক হিন্দু সাধু গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আজ রোববার তিনজনকে আসামি করে মামলা করেছেন নিহত ব্যক্তির ছেলে। ওই মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

নিহত পরমানন্দ রায়ের বাড়ি টুঙ্গিপাড়ার দক্ষিণ বাসুরিয়া গ্রামে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির স্বজনদের ভাষ্য, পরমানন্দ গত শুক্রবার বিকেলে পাশের গ্রাম গিমাডাঙ্গা হাটে বাজার করতে যান। বাজার শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গিমাডাঙ্গা দক্ষিণপাড়া মল্লিকের সেতুর কাছে একই গ্রামের শরিফুল শেখ (২৫) নামের এক তরুণ তাঁকে ছুরিকাঘাত করেন। ডান হাত ও পেটে ছুরি দিয়ে আঘাত করার পর তিনি মাটিতে পড়ে যান। পরে তাঁর পিঠে ছুরিটি ঢুকিয়ে দিয়ে ওই তরুণ পালিয়ে যান। এলাকাবাসী পরমানন্দকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাঁকে শুক্রবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুর ১২টার দিকে সেখানেই তাঁর মৃত্যু হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে প্রফুল্ল রায় বাদী হয়ে আজ সকালে শরিফুল শেখকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শরিফুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে।
মামলাটি তদন্ত করছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার নাথ। তিনি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া শরিফুল শেখের সঙ্গে উগ্রপন্থী কোনো সংগঠনের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।