গোপালগঞ্জে দুই কবজি কেটে চোখ উপড়ে তরুণকে হত্যা
চাচাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে গোপালগঞ্জ সদর উপজেলায় ঈদের দিন গত শনিবার এক তরুণকে খুন করা হয়েছে। ওই তরুণের বাবাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের চর পাথারিয়া গ্রামের লায়েক মোল্লার মেয়ের সঙ্গে তার ছোট ভাই শওকত আকবর মোল্লার ছেলে শাহীন মোল্লার (১৮) প্রেমের সম্পর্ক ছিল। শাহীন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দশম শ্রেণি ও ওই মেয়ে স্থানীয় এক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। কিন্তু এই প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি লায়েক মোল্লা ও তার পরিবারের লোকজন। এর জের ধরে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লায়েক মোল্লা, তার তিন ছেলে রবিউল মোল্লা (২৮), শরিফুল মোল্লা (২৫) ও আরিফুল মোল্লা (২২) শাহীনকে বাড়ি থেকে ডেকে আনে। এ সময় তারা বাড়ির সামনের রাস্তায় চাকু দিয়ে শাহীনের দুই চোখ উপড়ে ফেলে। এরপর চাপাতি দিয়ে শাহীনের দুই হাতের কবজি থেকে বিচ্ছিন্ন করে। পরে তারা প্রতিবেশী বাবুল কাজীর বাড়িতে গিয়ে শাহীনের বাবা শওকত আকবর মোল্লার দুই হাত ও দুই পায়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় শাহীন ও শওকতকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢাকা নেওয়ার পথে শনিবার রাত ১২টার দিকে শাহীন মাওয়া ফেরিঘাট এলাকায় মারা যায়। শওকতকে ঢাকার ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাবুল কাজী বলেন, ‘শওকত মোল্লা আমার জমির কাগজপত্র দেখতে বাড়িতে এসেছিলেন। একপর্যায়ে বাইরে থেকে কেউ ‘কাকা’ বলে ডাক দিলে তিনি ঘর থেকে বাইরে বের হন। কিছুক্ষণের মধ্যেই দেখি তিনি (শওকত) দৌড় দিয়ে আমার বাড়ির উঠানে এসে পড়ে যান ও কয়েকজন তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।’
বোড়াশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এম মুনির আহমেদ বলেন, শওকত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। লায়েক মোল্লা ঘোনাপাড়া মোড় এলাকায় তরিতরকারি বিক্রি করে জীবিকা নির্বাহ করে। চাচাতো ভাই-বোনের প্রেমের সম্পর্কের জেরেই এ ঘটনা ঘটেছে।
ঘটনার পর থেকে লায়েক মোল্লা ও তার পরিবার সদস্যরা পলাতক রয়েছে। তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরে তালা ঝুলছে। এ ব্যাপারে জানতে তাদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক অনুপ কুমার মজুমদার জানান, শাহীন মোল্লার দুই হাতের কবজি বিচ্ছিন্ন ও দুই চোখ উপড়ে ফেলা অবস্থায় হাসপাতালে আনা হয়। আর শওকতের দুই পা কেটে ফেলতে হতে পারে। এ ঘটনায় নিহত শাহীনের ভাই তুহিন মোল্লা গতকাল সোমবার গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেছেন। মামলায় তাঁর চাচা লায়েক মোল্লা, চাচি, তিন চাচাতো ভাই রবিউল মোল্লা, শরিফুল মোল্লা ও আরিফুল মোল্লাসহ অজ্ঞাত আট-নয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। চাচাতো ভাই-বোনের প্রেমের জন্যই পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনার আগে লায়েক মোল্লা তার স্ত্রী ও মেয়েকে অন্যত্র পাঠিয়ে দেয় ও বাড়ির গরু-ছাগল বেঁচে দেয়। ঘটনার পর থেকে লায়েক মোল্লা ও তার তিন ছেলে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।