গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ কাঁদানে গ্যাসের ২২টি শেল ও শটগানের শতাধিক গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের ১৭ জনকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মাঝিগাতী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোকসুদ আলী খাঁ ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মুকুল খাঁর সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল সকালে মধ্যপাড়া গ্রামে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। খবর পেয়ে ওই ইউনিয়নের ভবানীপুর, বাবরগাতী, ঘোড়ইগাতী গ্রামের লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ওই চারগ্রামের অন্তত ২৫ জন আহত হন। এর মধ্যে পাঁচজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আনিস কাজীকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার পুলিশ প্রথমে মধ্যপাড়া গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। গোপালগঞ্জের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (সার্কেল) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা গতকাল বিকেলে জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।