গোপালগঞ্জে দুই বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার লুট
গোপালগঞ্জ সদর উপজেলার দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে দুই বাড়ির লোকজনদের জিম্মি করে ৩০ ভরি স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে দুইটার মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুরিয়া ইউনিয়নের দত্তডাঙ্গা গ্রামের মো. আলী শেখ ও সৈয়দ শেখের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ অবশ্য ওই দুই বাড়িতে ডাকাতি হওয়ার সত্যতা নিশ্চিত করেনি। তারা দাবি করেছে, ওই দুই বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে।
ডাকাতি হওয়া দুই বাড়ির লোকজন ও এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জন ডাকাত জানালা ভেঙে দত্তভাঙ্গা গ্রামের মো. আলী শেখের বাড়িতে ঢোকে। পরে তারা চায়নিজ কুড়াল ও দাসহ দেশীয় অস্ত্র দেখিয়ে বাড়ির লোকজনদের জিম্মি করে এক লাখ ১০ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালংকার, তিনটি মুঠোফোন ও তিনটি বিদেশি টর্চলাইট নিয়ে যায়। একই রাতে ডাকাতেরা কলাপসিবল গেট ভেঙে পাশের সৈয়দ শেখের বাড়িতে ঢোকে। তারা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে এক লাখ টাকা ও ১৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এর মধ্যে দুই ডাকাত মুখোশ পরা ছিল।
কাজুরিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু চৌধুরী বলেন, ‘আমি রাত চারটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গোপালগঞ্জ সদর থানার পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, দত্তডাঙ্গা গ্রামের ওই দুটি বাড়িতেই সিঁধেল চোর ঢুকে চুরি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ মামলা করেনি।