গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ১২
গোপালগঞ্জে একটি যাত্রীবাহী বাস এক সাইকেল আরোহীকে চাপা দিয়ে আহত করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পুরাতন মুকসুদপুর এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার সঙ্গে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও আওয়ামী লীগের সমর্থক ওমর আলী ফকিরের বিরোধ চলছিল। গত সোমবার বিকেলে খুলনা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস ইলিয়াসের সমর্থক এক সাইকেল আরোহীকে চাপা দিলে তিনি আহত হন। এ ঘটনার জেরে ইলিয়াসের সমর্থকেরা ওই বাসটি ঢাকা-খুলনা মহাসড়কে এক ঘণ্টা আটকে রাখেন।
পরে ওমর আলী ফকিরের সমর্থক পুরাতন মুকসুদপুর এলাকার সুমন বাসটি ফেরত আনার জন্য ইলিয়াসের কাছে গেলে ইলিয়াস তাঁকে মারধর করেন। এরপর ওমর আলীর সমর্থকেরা ইলিয়াসকে পেটান। এ ঘটনায় রাতে কয়েকটি বাড়ি ও দোকানে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। রাতেই ইলিয়াস মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার সকালে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ লাঠিপেটা ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হন। তাঁদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।