গোপালগঞ্জে নিজ বাড়িতে একজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সদরের ঘোষেরচর উত্তর পাড়ার হেমাঙ্গন আবাসিক এলাকায় নূরুল আমিন মোল্লা নামের এক ব্যক্তি নিজ বাড়িতে খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। চাপাতির আঘাতে নূরুলের স্ত্রী ইরাজী বেগম আহত হয়েছেন।
নূরুল (৪০) চার বছর ইতালিতে ছিলেন। এক বছর আগে দেশে ফেরেন। এরপর থেকে নিজ বাড়িতেই থাকতেন। স্ত্রী-সন্তানদের নিয়ে ইতালিতে যাওয়ার প্রক্রিয়া চলছিল।
নূরুলের স্ত্রী ইরাজী বেগম (৩০) বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রাত নয়টার দিকে ঘরে খেতে বসেছিলেন নূরুল। এ সময় চারজন মুখোশধারী দুর্বৃত্ত ঘরে ঢুকে প্রথমে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। কিছু বুঝে ওঠার আগেই চাপাতি দিয়ে নূরুলকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। বাধা দিতে গেলে দুর্বৃত্তরা ইরাজীকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়।