গোপালগঞ্জে হামলায় আহত ব্যক্তির মৃত্যু
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ফতে আলী সিকদার (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। গত সোমবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত ফতে আলীর বাড়ি মুকসুদপুরের ননীক্ষির গ্রামে।
ননীক্ষির ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, গত শনিবার রাতে ননীক্ষির গ্রামের ওমর শেখের বাড়ির পুকুরে মাছ চুরি হয়। পরদিন সকালে মাছ ধরার জাল ফতে আলী সিকদারের বাড়ির সামনে পড়ে থাকতে দেখা যায়। এ সময় মাছ চুরির অপবাদ দিয়ে ওমর শেখ ও তাঁর চাচাতো ভাই লিটন শেখসহ চার-পাঁচজন ফতেকে বেদম মারধর করেন। সোমবার ফতের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আরিফ ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা সাতটার দিকে ফতে আলী মারা যান। বিষয়টি ফরিদপুর কোতোয়ালি থানায় জানানো হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল ফারুক বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে ফতে আলীর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।