টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গত রোববার রাতে চালককে গলা কেটে হত্যা করে তার ইজিবাইক নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। ওই চালকের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে। জমি নিয়ে বিরোধের জের ধরে ময়মনসিংহের নান্দাইলে গতকাল সোমবার প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক তরুণ গুরুতর আহত হয়েছেন।
নিহত ইজিবাইকচালক হলো জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ফুলদহেরপাড়া গ্রামের কাঁকন মিয়া (১৬)। ময়মনসিংহের নান্দাইলে আহত তরুণের নাম মো. সুজন মিয়া (২৫)। তিনি ওই উপজেলার চামারুল্লাহ গ্রামের আবদুল হামিদের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ফুলদহেরপাড়া গ্রামের দিনমজুর জব্বার আলীর ছেলে কাঁকন মিয়া রোববার সকালে তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। গতকাল সকালে উপজেলার পাশের টাঙ্গাইলের গোপালপুরের চাতুটিয়া তেলিপাড়া মোড়ে এক কিশোরের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশটি কাঁকনের বলে শনাক্ত করেন। গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে কাঁকনের ইজিবাইক নিয়ে গেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে ময়মনসিংহের নান্দাইলে গতকাল দুপুরে প্রতিপক্ষের লোকজন মো. সুজন মিয়াকে ছুরিকাঘাত করেন। এ সময় তাঁদের মারধরে সামান্য আহত হয়েছেন সুজনের ছোট ভাই সুমন মিয়া। সুমন অভিযোগ করেন, বসতভিটার আড়াই শতক জমি নিয়ে চাচা আবদুল হেকিমের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। গতকাল দুপুরে জমি নিয়ে বাবা ও চাচার মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় হঠাৎ চাচাতো ভাই জহুরুল ইসলাম (১৯) ধারালো একটি ছুরি দিয়ে তাঁর বড় ভাই সুজনের পেটে আঘাত করলে নাড়িভুঁড়ি বের হয়ে আসে। বাড়ির লোকজন সুমনকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে দ্রুত তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গ্রামের চারজন বাসিন্দা বলেন, দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঘটনাটি তাঁকে কেউ জানায়নি। ঘটনা সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।