গোবিন্দগঞ্জে আখ খেতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘাতের ঘটনায় সাঁওতালদের দায়ের করা মামলায় সন্দেহভাজন আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এদিকে গতকাল শনিবার দুপুরে চিনিকলের আখের জমিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন গোবিন্দগঞ্জ উপজেলার তরফকামাল গ্রামের সরোয়ার হোসেন (৪১) ও আকবর আলী (৫০)। এ নিয়ে এই মামলায় মোট ১০ জন গ্রেপ্তার হলেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার বলেন, সাঁওতালদের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
৬ নভেম্বর গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত এবং পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এর ১১ দিন পর গত বুধবার রাতে সাঁওতালদের মামলা নেয় পুলিশ। এই মামলায় ৬০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এদিকে প্রকৃত সাঁওতাল ধানচাষিদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে রংপুর চিনিকল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল বলেন, ‘যাঁরা ধান চাষ করেছেন, তাঁরাই যাতে ধান কাটতে পারেন, সে জন্য তালিকা তৈরি করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গোবিন্দগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলেছি। তাঁরা এরই মধ্যে কাজ শুরু করেছেন। অল্প দিনের মধ্যেই ধান কাটার ব্যবস্থা করা হবে। ধান কাটতে শ্রমিক খরচও চিনিকল পরিশোধ করবে।’
আখের জমিতে আগুন: উপজেলার সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের একটি আখখেতে গতকাল দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল বলেন, বেলা দেড়টার দিকে খামারের ফকিরগঞ্জ এলাকার ১১ নম্বর ব্লকের জমিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাঁর দাবি, আগুনে খামারের প্রায় ২১ বিঘা জমির আখ ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত হবে।
ত্রাণ বিতরণ: বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে গতকাল মাদারপুর ও জয়পুর গ্রামের ক্ষতিগ্রস্ত সাঁওতাল পরিবারের মধ্যে শিশুখাদ্য বিতরণ করা হয়।