গোবিন্দগঞ্জে আরেক সাঁওতালের মৃত্যু, আতঙ্ক কাটেনি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল বৃহস্পতিবার আরেক সাঁওতালের মৃত্যু হয়েছে। তাঁর নাম রোমেশ সরেন (৪০)। তাঁর পরিবার জানিয়েছে, গত রোববার সাপমারা ইউনিয়নে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে তিনি আহত হন।
রোববার বিকেলে ওই সংঘর্ষের সময় গুলিবিদ্ধ শ্যামল হেমব্রম (৩৫) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই রাতেই মারা যান। সোমবার রাতে সাহেবগঞ্জ এলাকার ধানখেত থেকে মঙ্গল মাড্ডি (৫০) এক সাঁওতালের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল।
গতকাল মারা যাওয়া রোমেশ সরেন সিনটাজুরি গ্রামের বাসিন্দা। তাঁর পরিবার বলছে, সংঘর্ষে আহত হওয়ার পর গ্রেপ্তারের ভয়ে বাড়িতে তাঁর চিকিৎসা চলছিল। গতকাল ভোরে তিনি মারা যান।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কে অভিযোগ করেন, ‘আমাদের আরও তিন থেকে চারজন নিখোঁজ রয়েছেন।’
তবে গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত সরকার গতকাল মুঠোফোনে বলেন, রোমেশের স্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি সংঘর্ষে আহত হয়ে মারা যাননি।
জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এই ঘটনায় রোববার রাতে ৪২ জনের নাম উল্লেখ করে প্রায় ৪০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা করে পুলিশ। তবে গতকাল বিকেল পর্যন্ত সাঁওতালদের পক্ষ থেকে কোনো মামলা এবং কোনো পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।
মাদারপুর ও জয়পুর গ্রামের সাঁওতালদের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। গতকাল সরেজমিন সাহেবগঞ্জের সাঁওতাল-অধ্যুষিত মাদারপুর ও জয়পুর গ্রামে গিয়ে দেখা গেছে, মানুষ এখনো আতঙ্কিত। চিনিকলের উচ্ছেদ করা জমি পুলিশ পাহারা দিচ্ছে। চিনিকল কর্তৃপক্ষ জমির চারদিকে কাঁটাতারের বেড়া দিচ্ছে।