গোবিন্দগঞ্জে এবার পরাজিত-বিজয়ীর সংঘর্ষে আহত চার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিজয়ী কাউন্সিলর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। নির্বাচনের পরের দিন গতকাল বৃহস্পতিবার এ সংঘর্ষ হলো। এতে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ দুপক্ষের চারজন আহত হন।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী আন্টু মিয়া তাঁর লোকজন নিয়ে দুর্গাপুর এলাকায় বিজয়ী কাউন্সিলর জোবায়দুর রহমানের এক সমর্থকের দোকানঘর ভাঙচুর করেন। এর জের ধরে গতকাল দুপুরে গোবিন্দগঞ্জের শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলামের ভাই ও বিজয়ী কাউন্সিলরের সমর্থক তুহিন মিয়ার সঙ্গে আন্টু মিয়ার সমর্থকদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন দুপক্ষের লোকজন। এতে শিবপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলামসহ চারজন আহত হন। আহত অন্যরা হলেন দুর্গাপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম (৪৫), রেজাউল (৪২) ও সাকাত আলী (৫০)। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল বিকেল পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ নিয়ে থানায় কোনো মামলা হয়নি।
এ প্রসঙ্গে পরাজিত কাউন্সিলর প্রার্থী আন্টু মিয়া বলেন, ‘আমি কারও দোকান ভাঙচুর করিনি। বরং কোনো কারণ ছাড়াই বিজয়ী কাউন্সিলরের সমর্থকেরা আমার কর্মীদের ওপর হামলা চালান।’
এদিকে নবনির্বাচিত কাউন্সিলর জোবায়দুর রহমান বলেন, ‘নির্বাচনে পরাজিত আন্টু মিয়ার সমর্থকেরা ঈর্ষান্বিত হয়ে এই ঘটনা ঘটান।’
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এর আগে গত বুধবার নির্বাচনের দিন গোবিন্দগঞ্জ পৌরসভার দুটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। ওই দিন দুপুর ১২টার দিকে গোবিন্দগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রের প্রধান ফটকের সামনে ৫ নম্বর ওয়ার্ডের তিন কাউন্সিলর প্রার্থী আরিফুল হক, জাকারিয়া ইসলাম ও শাহীন আকন্দের সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হন। বেলা পৌনে একটার দিকে গোবিন্দগঞ্জ শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজ কেন্দ্র দখল নিয়ে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুদ রানা ও শহিদুল ইসলামের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।