গোবিন্দগঞ্জে খামারের কাঁটাতারের পিলার ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের কাঁটাতারের বেড়া ও পিলার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এভাবেই পড়ে আছে বেড়া ও পিলার। ছবি: প্রথম আলো
গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের কাঁটাতারের বেড়া ও পিলার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এভাবেই পড়ে আছে বেড়া ও পিলার। ছবি: প্রথম আলো

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের কাঁটাতারের বেড়ার ২৬টি পিলার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোর রাতে এই ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও চিনিকল সূত্রে জানা গেছে, আজ সকালে স্থানীয় লোকজন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামার সংলগ্ন জয়পুর গ্রামের দক্ষিণ অংশে কিছু পিলার ভাঙচুর অবস্থায় জমিতে পড়ে থাকতে দেখে চিনিকল কর্তৃপক্ষকে খবর দেয়। পরে চিনিকল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে একই দৃশ্য দেখে।

গত ৬ নভেম্বর পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের পর চিনিকল কর্তৃপক্ষ মাদারপুর ও জয়পুর গ্রামের চারদিকে প্রায় দুই কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেয়। সিমেন্ট ও রডের তৈরি পিলারে কাঁটাতার আটকানো হয়। 

দুর্বৃত্তরা আজ ভোরে খামারের পশ্চিম অংশে সাঁওতাল পল্লি জয়পুর গ্রাম সংলগ্ন ২৬টি পিলার ভাঙচুর করে। এ ব্যাপারে সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের উপব্যবস্থাপক হুমায়ুন কবির বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল আজ রাত দশটার দিকে মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, সকালে খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পিলার ভেঙে ফেলা হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার প্রথম আলোকে বলেন, কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। এই সংঘর্ষের ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হন। ঘটনার ১১ দিন পর স্বপন মুরমু বাদী হয়ে প্রায় ৬০০ জনকে অজ্ঞাত আসামি ও ২৬ নভেম্বর থমাস হেমব্রম বাদী হয়ে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদ, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আহমেদসহ আরও ৫০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে পৃথক দুইটি মামলা করেন।