গোবিন্দগঞ্জে গমখেতে দুই যুবকের দগ্ধ লাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী হাওয়াখানা এলাকার একটি গমখেত থেকে দুই যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধারের পর সন্ধ্যা পর্যন্ত তাঁদের পরিচয় মেলেনি।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, কাটাখালী হাওয়াখানা এলাকায় করতোয়া নদীর তীরে একটি গমখেতে ২২ থেকে ২৫ বছর বয়সী দুই যুবকের লাশ পড়ে থাকতে দেখে সকালে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ সকাল নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দুর্বৃত্তরা সম্ভবত অন্য কোনো এলাকা থেকে দুই যুবককে ধরে এনে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আলামত নষ্ট করার জন্য আগুন কিংবা অন্য কোনো দাহ্য পদার্থ দিয়ে উভয়ের মাথা থেকে হাঁটু পর্যন্ত পুড়িয়ে ফেলেছে। এতে তাঁদের মুখমণ্ডল, বুক ও হাত-পা ঝলসে গেছে। এ কারণে তাঁদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। তাঁদের পরনে জিনস ও গ্যাবার্ডিন কাপড়ের প্যান্ট এবং পায়ে দামি জুতা ছিল।
ওসি মোজাম্মেল হক আরও বলেন, নিহত দুজনের পরিচয় শনাক্ত করার জন্য দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতে থানার উপপরিদর্শক আলতাফ হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
এই ঘটনার পাঁচ মাস আগে গত বছরের ১০ সেপ্টেম্বর একই এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় আবু সাঈদ (২৫) ও শাহ জালাল ভুইয়া (৪৫) নামের দুই গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত দুজনের মধ্যে আবু সাঈদের বাড়ি লালমনিরহাট জেলার দুরাকাটি এবং শাহ জালালের বাড়ি কুমিল্লা জেলার তোলাতুলি গ্রামে। দুই ব্যবসায়ী লালমনিরহাটের বড়বাড়ি হাট থেকে গরু কিনে ফেরার পথে দুর্বৃত্তরা তাঁদের কাছ থেকে পাঁচটি গরু ও টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা করে।