গোবিন্দগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দশলাল গ্রামে যৌতুকের টাকা না পেয়ে অঞ্জনা বেগম (২০) নামের এক গৃহবধূকে গত বৃহস্পতিবার রাতে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই বিপ্লব মিয়া বাদী হয়ে অঞ্জনার স্বামী শামীম মিয়াসহ তিনজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই শামীম পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও নিহত গৃহবধূর পারিবারিক সূত্র জানায়, ১১ মাস আগে দশলাল গ্রামের ইদ্রিস আলীর ছেলে শামীম মিয়ার সঙ্গে একই উপজেলার দুর্গাপুর গ্রামের আবদুল ওয়াহেদের মেয়ে অঞ্জনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শামীম তাঁর স্ত্রী অঞ্জনাকে শারীরিক নির্যাতন করতেন। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় শামীমের সঙ্গে অঞ্জনার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শামীম মিয়া তাঁর স্ত্রীকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করেন।
খবর পেয়ে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান রাত সাড়ে নয়টার দিকে অঞ্জনার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।