গোবিন্দগঞ্জে জেএমবির পাঁচ সন্দেহভাজন সদস্য গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল শুক্রবার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পৌরসভার বুজরুক বোয়ালিয়া শিল্পপাড়া এলাকা থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সাইফুল ইসলাম (২৯), সাহিদ মিয়া (১৮), হায়দার আলী (২০), গোবিন্দগঞ্জ পৌরসভার ঝিলপাড়া এলাকার ওমর ফারুক এবং বকচর এলাকার রতন (২৩)।
পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃত সাইফুল বুজরুক বোয়ালিয়া শিল্পপাড়া এলাকার আতাউর রহমানের বাড়ি সাত-আট মাস আগে ভাড়া নিয়ে বাস করছিলেন। গতকাল বেলা ১১টার দিকে তাঁর নেতৃত্বে জেএমবির ১৫ থেকে ২০ জন সদস্য নাশকতার পরিকল্পনার জন্য ওই বাড়িতে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জেএমবির পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় অন্য সদস্যরা পালিয়ে যান। পুলিশ ওই বাসা থেকে জিহাদি বই, মুঠোফোন ও সংগঠনের খরচের ভাউচার উদ্ধার করেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জেএমবির কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা নাশকতা চালানোর পরিকল্পনা করছিলেন। ওসি মোজাম্মেল বলেন, রতন মিয়া জেএমবির আঞ্চলিক দাওয়াতি কার্যক্রমের প্রধান। তিনি আঞ্চলিক সদস্যদের সঙ্গে ঊর্ধ্বতন দায়িত্বশীলদের তথ্য আদান-প্রদান করতেন। গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে প্রাথমিকভাবে জানিয়েছেন, এলাকায় বেশ কিছুসংখ্যক জেএমবি সদস্য কাজ করছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এই ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক নুরুন্নবী সরকার বাদী হয়ে গতকাল গ্রেপ্তারকৃত পাঁচজনসহ আরও কয়েকজনকে আসামি করে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। পরে বিকেলে পুলিশ গ্রেপ্তারকৃতদের গোবিন্দগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক এস এম তাসকিনুল হক পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।