গোবিন্দগঞ্জে নির্বিচারে গাছ কাটা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীতিমালা লঙ্ঘন করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে গাছ কাটা চলছেই। ৬ সেপ্টেম্বর থেকে গাছ কাটা শুরু হয়। গতকাল বুধবারও গাছ কাটা হয়।
উপজেলা প্রশাসনের সঙ্গে যোগসাজশে কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জোবায়ের হাসান এসব গাছ কাটা অব্যাহত রেখেছেন। এদিকে গাছ কাটা বন্ধের দাবিতে কাটাবাড়ি ইউনিয়নবাসীর পক্ষে ১১ ব্যক্তি ১৪ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোখলেছুর রহমান বলেন, ‘কাটাবাড়ি ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ পেয়েছি। এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’
প্রায় ১৫ বছর আগে কাটাবাড়ি ইউনিয়নের চার কিলোমিটার দীর্ঘ বাগদাহাট-নাসিরাবাদ কাঁচা রাস্তা ও দুই কিলোমিটার দীর্ঘ হঠাৎপাড়া-মাজার সড়কের দুই ধারে ১২-১৩ হাজার গাছ রোপণ করা হয়। কোটি টাকার বেশি দামের এসব গাছ অনুমোদন ছাড়াই ইউপি চেয়ারম্যান বিক্রি করে দিয়েছেন।
এ নিয়ে ১৫ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘নির্বিচারে সড়কের গাছ কর্তন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
কাটাবাড়ি ইউপির ২ নম্বর ওয়ার্ডের (মালিকাবাদ গ্রাম) সদস্য আবুল কালাম অভিযোগ করেন, পরিষদের সিদ্ধান্ত ছাড়াই চেয়ারম্যান গাছ বিক্রি করেছেন। তিনি বলেন, ‘গাছ বিক্রির পর চেয়ারম্যান আমাদের ডেকে বলেন, “জানাজানি হবে বলে বিষয়টি আগে জানাইনি।” এমনকি কত টাকায় গাছ বিক্রি করেছেন জানতে চাইলে চেয়ারম্যান বলেন, “চার লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেছি।” ৬০ থেকে ৭০ লাখ টাকার গাছ এত কম টাকায় বিক্রি করলেন কেন—এর জবাবে চেয়ারম্যান কোনো মন্তব্য করেননি।’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পরিপত্র অনুযায়ী, ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত অনুমোদনের জন্য প্রস্তাব আকারে উপজেলা কমিটির কাছে পাঠাতে হবে। গাছের মূল্য পাঁচ লাখ টাকার বেশি হলে ইউএনও বিষয়টি অনুমোদনের জন্য জেলা প্রশাসক বরাবরে পাঠাবেন। জেলা প্রশাসকের সিদ্ধান্ত অনুযায়ী গাছ বিক্রি করতে হবে।
গতকাল বুধবার মুঠোফোনে চেয়ারম্যান জোবায়ের হাসান দাবি করেন, ‘আমরা সভা ডেকে কার্যবিবরণী করে উপজেলায় পাঠিয়েছি। এরপর গাছ কাটা শুরু করেছি।’ তবে জেলা প্রশাসনের অনুমোদনের আগে গাছ কাটছেন কেন—এই প্রশ্নের কোনো জবাব তিনি দেননি।
এ ব্যাপারে ইউএনও মামুন-উল-হাসান বলেন, ‘ওই ইউনিয়ন পরিষদ থেকে গাছ বিক্রির প্রস্তাব পেয়েছি। এ নিয়ে উপজেলা কমিটিতে আলোচনা হয়েছে। কিন্তু সেই প্রস্তাব অনুমোদনের জন্য মঙ্গলবার পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়নি। এর আগেই ইউপির চেয়ারম্যান না বুঝে গাছ কাটা শুরু করেন। বিষয়টি জানতে পেরে গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে।’
ইউএনওর বক্তব্যের সূত্র ধরে খোঁজ নিয়ে দেখা গেছে, গাছ কাটা বন্ধ হয়নি।
তবে কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন, ‘আমি কাঠের ব্যবসা করি ঠিক। কিন্তু চেয়ারম্যানের কাছ থেকে কোনো গাছ কিনিনি। জাহাঙ্গীর নামে অন্য কেউ কিনতে পারেন।’