গোবিন্দগঞ্জে বিজয় মেলার নামে জুয়ার আসর
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বর এলাকায় বিজয় মেলার নামে দুই সপ্তাহ ধরে জুয়া, হাউজি, লটারি ও র্যা ফল ড্র চলছে বলে অভিযোগ উঠেছে।
গোবিন্দগঞ্জ প্রেসক্লাব উন্নয়নের নামে চালানো এসব কার্যক্রম বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে রংপুর বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি দিয়েছে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি।
এর আগে ১০ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ দেওয়া হলেও প্রশাসন এখনো কোনো উদ্যোগ নেয়নি। গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক মতিন মোল্লা ও গোবিন্দগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক মজিবুর রহমান স্বাক্ষরিত গতকালের স্মারকলিপিতে বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে হাউজি ও জুয়া খেলা বন্ধ করা না হলে ২২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি শুরু করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
নাগরিক কমিটির আহ্বায়ক ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবদুল মতিন মোল্লা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের স্থানীয় একজন সাংসদ ও প্রশাসনের ছত্রচ্ছায়ায় প্রায় সারা বছর উপজেলার কাটাখালী বালুয়াহাট, নাকাইহাট, পানিতলা ও ফুলপুকুরিয়ায় হাউজি, জুয়া, যাত্রার নামে অশ্লীল নাচ, ডাব্বু, ওয়ানটেন, ইনডোর গেমসসহ নানা অসামাজিক কার্যক্রম চলছে। এসব বন্ধে কোনো উদ্যোগ না নিয়ে এবার উপজেলা পরিষদ চত্বর-সংলগ্ন এলাকায় বিজয় মেলার নামে প্যান্ডেল করে র্যা ফল ড্র এবং পাশের কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় জুয়া-হাউজি চালানো হচ্ছে।
জেলা প্রশাসককে দেওয়া স্মারকলিপির একটি অনুলিপি সংগ্রহ করে দেখা গেছে, ওয়ার্কার্স পার্টি, বাসদ, উপজেলা সিপিবি, জাতীয় পার্টির নেতারাসহ বিশিষ্টজনেরা জুয়া-হাউজি বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
বিজয় মেলা আয়োজকদের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল কবির বলেন, প্রেসক্লাব ভবন নির্মাণে তহবিল গঠনের জন্য উপজেলা পরিষদ চত্বর-সংলগ্ন এলাকায় বিজয় মেলার আয়োজন করা হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে মেলায় র্যা ফল ড্র চালানো হচ্ছে। উপজেলা পরিষদ চত্বরে জুয়া-হাউজি চালানোর কোনো সুযোগ নেই।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদ বলেন, তিনি কোনো জুয়া বা হাউজির আসর চালাচ্ছেন না। সাংবাদিকদের একটা ভবন দরকার। সে জন্য মেলার বিষয়টিকে তিনি সহানুভূতির দৃষ্টিতে দেখছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন-উল-হাসান বলেন, আয়োজকেরা যা কিছু করছেন, সবই প্রশাসনের অনুমতি সাপেক্ষে।
গাইবান্ধা আদালতের আইনজীবী আনিস মোস্তফা বলেন, ‘আইন অনুযায়ী সার্কাস ও যাত্রা চালানোর জন্য জেলা প্রশাসককে লিখিত আবেদন করতে হয়। জেলা প্রশাসক সেটি তদন্তের জন্য তা পাঠান জেলা পুলিশের কাছে। পুলিশ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন পাঠানোর পর জেলা প্রশাসক শর্ত সাপেক্ষে অনুমতি দেন।
গাইবন্ধার পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন বলেন, সাংবাদিকেরা যেখানে মেলার আয়োজক, সেখানে জুয়া-হাউজির মতো কোনো কিছু চলার প্রশ্নই আসে না।
জেলা প্রশাসক এহছানে এলাহী বলেন, ‘উপজেলা প্রশাসন চত্বরে মেলার আয়োজন হওয়ায় সেখানে হাউজি-জুয়া চালানোর কথা নয়। তার পরও নাগরিক কমিটির অভিযোগ পেয়ে সরেজমিন তদন্ত করে কেউ হাউজি চালালে তা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনওকে নির্দেশ দিয়েছি।’
২৬ অক্টোবর ‘গাইবান্ধার ১১টি স্থানে চলছে জুয়া-হাউজি’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়।