গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা!
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামে গত বুধবার রাতে মনিকা খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রীকে হত্যা করা হয়েছে। হত্যার আগে মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। সে ওই গ্রামের মোতাকাব্বের মিয়ার মেয়ে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও পরিবারের অভিযোগ থেকে জানা গেছে, মনিকা উপজেলার তালতলা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র একই গ্রামের রুবেল মিয়া (১৫) তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় সে প্রায়ই মনিকাকে উত্ত্যক্ত করত। বুধবার সন্ধ্যায় দুই মেয়ে মনিকা ও মিলিকে বাড়িতে রেখে সস্ত্রীক এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান মোতাকাব্বের মিয়া। এ সুযোগে গভীর রাতে রুবেল চার-পাঁচজন সহযোগীকে নিয়ে মনিকার বাড়িতে গিয়ে তাকে ডাকতে থাকে। মনিকা ঘরের দরজা খুলে দেওয়ামাত্রই রুবেল ও তার সহযোগীরা জোরপূর্বক ঘরে ঢোকে। তারা মনিকার ছোট বোন মিলিকে চেতনানাশক দিয়ে অচেতন করে মনিকাকে বাড়ির পাশে একটি ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার পর তার মুখে বিষ ঢেলে দিয়ে রুবেল ও তার সহযোগীরা সটকে পড়ে।
পরে চেতনা ফিরে পেয়ে মিলি চিৎকার দিতে শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তারা মিলির কাছে ঘটনা শুনে মনিকাকে খুঁজতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশের ফাঁকা জায়গা থেকে মনিকাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোরে সে মারা যায়।
এ ঘটনায় মনিকার বাবা মোতাকাব্বের মিয়া গতকাল রুবেল মিয়াসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। মোতাকাব্বের মিয়া বলেন, ‘রুবেলের প্রস্তাবে রাজি না হওয়ায় আমার মেয়েকে ধর্ষণের পর মুখে বিষ ঢেলে দেওয়া হয়। আমি এর বিচার চাই।’
গোবিন্দগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’