গোবিন্দগঞ্জে স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি বাঁশবাগান থেকে আজ সোমবার সকালে স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শিশুটির নাম মশিউর রহমান (১১)। সে স্থানীয় রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা যায়, মশিউর উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের গোলাম হোসেনের ছেলে। গতকাল রোববার রাত সাতটার দিকে সে পাশের বাড়িতে টেলিভিশন দেখতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। কিন্তু আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন ওই রাতেই এলাকায় মাইকিং করে ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। কিন্তু মশিউরকে পাওয়া যায়নি। আজ সকাল আটটার দিকে এলাকাবাসী গ্রামের একটি বাঁশ বাগানে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ওই স্থানে যায় তার পরিবারের লোকজনও। তাঁরা মশিউরের লাশ শনাক্ত করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, মশিউরের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
মশিউরের বাবা গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, জমি নিয়ে এলাকায় কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ চলছে। এর জের ধরে তাঁর ছেলেকে খুন করা হয়ে থাকতে পারে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।