গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষককে হত্যার অভিযোগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে গত শুক্রবার রাতে আলিমাতুল শাহী (৩৮) নামের এক স্কুলশিক্ষককে হত্যার অভিযোগ উঠেছে। তিনি বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এদিকে আলিমাতুলকে হত্যার প্রতিবাদে গতকাল শনিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও ওই শিক্ষকের পরিবার সূত্র জানায়, বোয়ালিয়া গ্রামের শাহ আলমের মেয়ে আলিমাতুল শাহী। ১৫ বছর আগে আলিমাতুলের সঙ্গে একই উপজেলার চানপাড়া গ্রামের সাবেক উপপরিদর্শক (্এসআই) শাহজাহানের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। মেয়ে সুচি খাতুন (১৩) বগুড়ায় থেকে লেখাপড়া করে। ছেলে এহসান (৮) স্থানীয় বিদ্যালয়ে পড়ে। শাহজাহান কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করেন। তখন থেকে আলিমাতুল বাবার বাড়িবোয়ালিয়া গ্রামে থাকেন।
এদিকে কয়েক দিন আগে শাহজাহান শ্বশুরবাড়ি বোয়ালিয়া গ্রামে আসেন। স্থানীয় লোকজন গতকাল সকালে ঘরে গিয়ে দেখেন, বৈদ্যুতিক পাখার সঙ্গে আলিমাতুলের লাশ ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শাহ আলম অভিযোগ করে বলেন, ‘দ্বিতীয় বিয়ে করার পর শাহজাহান প্রায়ই আমার মেয়েকে মারধর করত। শুক্রবার রাতে শাহজাহান পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যার পর লাশ ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলিয়ে রাখে। আমি এ ঘটনার বিচার চাই।’
এদিকে আলিমাতুল হত্যার প্রতিবাদে গতকাল সকাল নয়টা থেকে আধা ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে শাহজাহানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।