গোবিন্দগঞ্জে হামলায় আহত কৃষকের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উলিপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তি গতকাল মঙ্গলবার মারা গেছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে ছয় দিন আগে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এত দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
নিহত ব্যক্তি হলেন হাফিজার রহমান (৬৫)। তিনি ওই গ্রামের জামাত উল্লা প্রধানের ছেলে।
গোবিন্দগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাফিজার রহমানের সঙ্গে সাড়ে চার বিঘা জমি নিয়ে একই গ্রামের জাহাঙ্গীর আলমের বিরোধ চলে আসছিল। এর জের ধরে ১৯ নভেম্বর জাহাঙ্গীর আলম ও তাঁর লোকজন হাফিজারকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে। পরে তাঁকে বাড়ির অদূরে সড়কে ফেলে রেখে চলে যায় তারা। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হাফিজারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তিনি মারা যান। এর পর থেকে জাহাঙ্গীর আলমসহ অন্যরা এলাকা ছেড়ে পালিয়েছে।