গোমস্তাপুরে ভাইয়ের হাতে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার শহিদুল ইসলাম (৪২) নামের এক সেনা সদস্য নিজ বাড়িতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। গোমস্তাপুর থানা-পুলিশ ছোট ভাই শফিউল ইসলামকে (৩৪) ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে।
গোমস্তাপুর থানার ওসি খন্দকার গোলাম মোর্ত্তুজা বলেন, জমিজমা নিয়ে বিরোধ ও পারিবারিক কলহের জের ধরে শফিউল ইসলাম ছুরি দিয়ে শহিদুলের বুকে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও বলেন, নিহত শহিদুল ল্যান্স করপোরাল পদে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ছুটিতে কর্মস্থল বগুড়া সেনানিবাস থেকে তিনি বাড়িতে এসেছিলেন।
এদিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিলগোপালহাটি এলাকার একটি আমবাগানের পাশ থেকে গত বুধবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় এক নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ধর্ষণের পর হত্যা করে খুনিরা গত মঙ্গলবার রাতে লাশটি আমবাগানে ফেলে যেতে পারে।