গোমস্তাপুরে মুক্তিযোদ্ধাদের হাতে ইউএনও লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগরে গতকাল শনিবার মুক্তিযোদ্ধাদের হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার মামুন লাঞ্ছিত হয়েছেন। মুক্তিযোদ্ধা সনদের আবেদন এককভাবে যাচাই করতে গিয়ে তিনি লাঞ্ছিত হন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধা অভিযোগ করে বলেন, মুক্তিযোদ্ধা সনদের জন্য এলাকার ১০ ব্যক্তি আবেদন করেন। কিন্তু তাঁদের কেউই মুক্তিযোদ্ধা নন। ইউএনওর এককভাবে বিষয়টি যাচাই করার এখতিয়ার না থাকলেও গতকাল বেলা ১১টার দিকে তিনি এ বিষয়ে তদন্ত করতে আলীনগরে আসেন। এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধারা তদন্ত বিষয়ে আপত্তি তুললে ইউএনও তাঁদের ধমক দেন। এতে ক্ষুব্ধ হয়ে মুক্তিযোদ্ধারা ইউএনওকে ধাক্কাধাক্কি করেন। তিনি পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
মুক্তিযোদ্ধারা আরও অভিযোগ করেন, এর আগেও ওই ইউএনও ১৯ জন ভুয়া মুক্তিযোদ্ধাকে ভাতা পাইয়ে দিতে সহায়তা করায় স্থানীয় মুক্তিযোদ্ধারা আগে থেকেই তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন।
এ ব্যাপারে কথা বলার জন্য আখতার মামুনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ ও মুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।