গোলাগুলি, না ধরে নিয়ে গুলি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ ছেলে মোহাম্মদ হাসানের (২৫) পাশে বসে আছেন মা মায়া বেগম। তাঁর দাবি, গত রোববার বিকেলে এলাকার একটি মাঠ থেকে হাসানকে ধরে নিয়ে যায় পুলিশ। রাতে থানায় গিয়েও ছেলের সঙ্গে দেখা করতে পারেননি। গতকাল সোমবার সকালে ছেলের খোঁজ নিতে থানায় গেলে তাঁকে জানানো হয়, পেটে ব্যথা হওয়ায় হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু হাসপাতালে এসে দেখেন ছেলের ডান পা গুলিবিদ্ধ।

তবে পুলিশের দাবি, ‘গোলাগুলি’তে গুলিবিদ্ধ হাসান চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন আমিন জুট মিলের পাশের আলীনগর এলাকার উঠতি সন্ত্রাসী। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ দাবি করেন, গত রোববার রাত আটটার দিকে একটি কিরিচসহ তাঁকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে আলীনগর এলাকায় তাঁর সহযোগী রহমানের বাসা থেকে আরও ১১টি কিরিচ উদ্ধার করা হয়।

ওসির দাবি, রহমানকে ধরতে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে আলীনগর এলাকায় হাসানকে নিয়ে অভিযানে যায় পুলিশ। এ সময় রহমানের সহযোগী সন্ত্রাসীরা
পুলিশকে দেখে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলিতে হাছান গুলিবিদ্ধ হন। আহত হন দুই কনস্টেবল। পরে হাছানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কনস্টেবল দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

থানায় গিয়ে ছেলের সঙ্গে দেখা না করতে পারার বিষয়ে হাসানের মা মায়া বেগমের অভিযোগের বিষয়ে বায়েজিদ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রুবেল মিত্র দাবি করেন, গতকাল সকালে থানায় মায়া বেগম নামে কেউ আসেননি।

তবে গতকাল সকালে আলীনগর এলাকায় পুলিশের দাবিকৃত ‘গোলাগুলির’ ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সেটি পাহাড়ি এলাকা। পাহাড়ের পাদদেশে কয়েকটি কাঁচা বসতঘর রয়েছে। রাতে কোনো গুলির শব্দ শুনেছেন কি না, জানতে চাইলে সেখানকার বাসিন্দারা বলেন, তাঁরা কিছু জানেন না।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডের চিকিৎসক রিবুরাজ চক্রবর্তী গতকাল প্রথম আলোকে জানান, ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়। পায়ে শটগানের গুলি লেগেছে। রোগী বিপদমুক্ত।

বায়েজিদ বোস্তামী থানার ওসি জানান, জাকির হোসেন নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা মামলার আসামি হাসান। গত মাসের শুরুতে তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে ভয়ে কেউ মামলা কিংবা জিডি করেননি পুলিশের কাছে।

হাসপাতালে পুলিশের উপস্থিতিতে হাসান জানান, আলীনগর থেকে এক কিলোমিটার দূরে অক্সিজেনের পূর্ব দিকে কবরস্থানের পাশে নিয়ে চোখ বেঁধে তাঁকে গুলি করা হয়। সন্ত্রাসীকাজে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে হাসান জানান, একসময় পত্রিকা বিক্রি করতেন, ছয় মাস ধরে তাঁর বাবার সঙ্গে টিউবওয়েল মেরামতের কাজ করেন।

হাসানের দাবি, গত রোববার বিকেলে পাঁচটার দিকে আলীনগর আমিন কলোনি মাঠ থেকে পুলিশ তাঁকে ধরে থানায় নিয়ে যায়। সেখানে মারধর করে রাত দুইটার দিকে চোখ বেঁধে অক্সিজেনের পূর্ব দিকে কবরস্থানের পাশে জঙ্গলে নিয়ে পায়ে গুলি করে পুলিশ।

হাসানের মা মায়া বেগম জানান, তাঁর চার ছেলে ও এক মেয়ে। স্বামী আবদুল মান্নান টিউবওয়েল মেরামতের কাজ করেন। দুই ছেলে বিদেশে থাকেন। সেজো ছেলে হাছান তাঁর স্বামীর সঙ্গে কাজ করেন।