গোসাইরহাটে কিশোরী ও নগরকান্দায় এক ব্যক্তি খুন
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার লাকাচুয়া গ্রাম থেকে শাহিদা আক্তার নামের এক কিশোরী এবং ফরিদপুরের নগরকান্দায় পান্নু মুনশি নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার লাশ দুটি উদ্ধার করা হয়।
উভয় পরিবারের সদস্যদের দাবি, তাদের হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দুটি লাশই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, শাহিদা আক্তারকে (১২) হত্যা করা হয়েছে এমন অভিযোগ পরিবারের। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মিজান বাঘা নামের এক ব্যক্তিকে আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মিজান বাঘা শাহিদার খালাতো বোনের স্বামী। তিনি একই গ্রামের আবদুর রব বাঘার ছেলে। তবে মেয়েটিকে কীভাবে হত্যা করা হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন না পেলে বোঝা যাবে না।
শাহিদার বাবা মানিক সরদার বলেন, ‘আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমার কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। তাহলে কেন আমার মেয়েকে হত্যা করা হলো। আমি হত্যাকারীদের বিচার চাই।’
গোসাইরহাট থানার পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, উপজেলার লাকাচুয়া গ্রামের মানিক সরদারের মেয়ে শাহিদা আক্তার নিপা। গতকাল সকাল আটটার দিকে প্রতিবেশীর কাছ থেকে গরুর দুধ আনার জন্য সে বের হয়। বেলা সাড়ে ১১টার দিকে গ্রামের মানুষ জানান, বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে একটি খালের পাড়ে শাহিদার লাশ পড়ে আছে।
নগরকান্দায় উদ্ধার করা পান্নু মুনশি (৪৫) উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বিবাহিত এবং তাঁর নয় বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত দত্ত বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাতটার দিকে পান্নু মুনশিকে নগরকান্দা-পুরাপাড়া আঞ্চলিক সড়কের বনগ্রাম এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।
পান্নু মুনশির ভাই পল্লিচিকিৎসক টুলু মুনশি জানান, পান্নুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, স্থানীয় বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ তাঁকে হত্যা করতে পারে।