গোয়াইনঘাটে হামলায় ১৭ পুলিশ আহত
মধ্যরাতে জলমহাল দখল ঠেকাতে গিয়ে এক পক্ষের হামলায় সিলেটের গোয়াইনঘাট থানার পুলিশ পরিদর্শকসহ ১৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গোয়াইনঘাটের বীরকুল গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল শনিবার সকালে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গোয়াইনঘাটের থুবড়ি-শিলচান জলমহালের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। গত শুক্রবার মধ্যরাতে একটি পক্ষ সশস্ত্র অবস্থায় জলমহালটির দখল নিতে যাচ্ছে এমন খবর পেয়ে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ বীরকুল গ্রামে যায়। দখলকারী বলে অভিযুক্ত এক ব্যক্তির বাড়িতে পুলিশ যেতেই চারদিক থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে পরিদর্শক রুহুল আমিনসহ ১৭ পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে থানা থেকে আরেক দল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গ্রামবাসী ও জলমহালসংলগ্ন এলাকার মৎস্যজীবীদের সূত্রে জানা গেছে, ‘মানাউরা প্রভাতি মৎস্যজীবী সমিতি লিমিটেড’ নামের একটি সমিতি জলমহালটির ইজারা নিয়েছে। কিন্তু বীরকুল গ্রামের প্রভাবশালী আবদুল মনাফ জলমহালটির দখল নিতে তৎপরতা শুরু করেন। সমিতির সাধারণ সম্পাদক তীর্থ রঞ্জন দাস জলমহাল দখলচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে মনাফকে প্রধান আসামি করে থানায় মামলাও করেন। পুলিশ এত দিন মনাফকে গ্রেপ্তার করতে পারেনি। গত শুক্রবার মধ্যরাতে মনাফ জলমহাল দখলের প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পেয়ে পুলিশ বীরকুল গ্রামে গেলে আক্রমণের মুখে পড়ে।
গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ আবদুল হাই বলেন, হামলায় একজন পুলিশ পরিদর্শক, পাঁচজন এসআই, তিনজন এএসআইসহ ১৭ পুলিশ সদস্য জখম হন। তাঁরা গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আক্রমণ ঠেকাতে পুলিশকে ৭৪টি ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। এ ঘটনায় মনাফকে প্রধান আসামি করে পুলিশ মামলা করে। গতকাল সকালে গ্রামে অভিযান চালিয়ে নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।