গোয়ালন্দে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় তৌহিদুজ্জামান বদের (৪২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। নিখোঁজ হওয়ার তিন দিন পর গতকাল মঙ্গলবার তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত-সংলগ্ন গঙ্গামতি সংরক্ষিত বন থেকে গত সোমবার পুলিশ অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করে।
নিহত তৌহিদুজ্জামানের বাড়ি গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের গেন্দু ব্যাপারীপাড়ায়। গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় রোববার তাঁর স্ত্রী আফরোজা আকতার গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে তিনি উল্লেখ করেন, তৌহিদুজ্জামান শনিবার সন্ধ্যা ছয়টার দিকে বাড়ি থেকে রিপন নামের এক যুবকের মোটরসাইকেলে চড়ে গোয়ালন্দ বাজারের উদ্দেশে বের হন। সেখান থেকে এক ব্যক্তির সঙ্গে মাহেন্দ্রতে চেপে (ইঞ্জিনচালিত যান) দৌলতদিয়া ঘাটে যান। রাত পৌনে নয়টার দিকে বাবু নামের এক দোকানির কাছ থেকে সিগারেট কিনে বাড়ি আসার জন্য স্থানীয় মনোরমা সিনেমা হলের সামনে যান তিনি। এরপর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোর ছয়টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য গফুর সরদারের বাড়ির পাশে নালায় একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তৌহিদুজ্জামানের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন। পরে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গতকাল সকালে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, আফরোজা আকতার ও পরিবারের সদস্যরা আহাজারি করছেন। আফরোজা আকতার বলেন, ‘আমার কী হবে? ঘরে একমুঠো চাল নেই। কী নিয়ে বাঁচব আমি? আমার স্বামীকে আপনারা আইনা দেন। কারা আমার স্বামীকে খুন করল? আমি স্বামী হত্যার বিচার চাই।’
স্থানীয় বাসিন্দা হাকিম শেখ ও মিজান ব্যাপারী বলেন, তৌহিদুজ্জামান জমি-সংক্রান্ত বিষয় খুব ভালো বুঝতেন। তাই অল্প বয়সেই গ্রামের লোকজন তাঁকে মাতবরের দায়িত্ব দেন। তিনি বিভিন্ন স্থানে জমিজমা নিয়ে সালিসে উপস্থিত থাকতেন। সালিস-সংক্রান্ত বিষয় নিয়ে কারও সঙ্গে তাঁর বিরোধ ছিল কি না, তা তাঁরা বুঝতে পারছেন না।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ গতকাল সন্ধ্যায় বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দুর্বৃত্তরা তাঁকে খুন করে থাকতে পারে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান গতকাল বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে সোমবার সৈকত-সংলগ্ন গঙ্গামতি সংরক্ষিত বন থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন। বয়স ২৭-২৮ বছর। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে তিন-চার দিন আগে লাশ সমুদ্রে ফেলে দেওয়া হয়। এরপর জোয়ারে ভেসে লাশটি চরে আটকে যায়। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।