গোয়ালন্দে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার হোসেন মণ্ডলপাড়া গ্রাম থেকে গতকাল মঙ্গলবার দুপুরে আয়শা ছিদ্দিকা নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আয়শার খালা লিলি বেগম প্রথম আলোকে বলেন, ২০১৩ সালে হোসেন মণ্ডলপাড়া গ্রামের মুরাদ হোসেনের (২২) সঙ্গে আয়শার (১৯) বিয়ে হয়। এর কিছুদিন পর থেকেই মুরাদ মোটরসাইকেল ও ব্যবসার জন্য টাকা এনে দিতে আয়শাকে মারধর করতেন। এ ছাড়া মুরাদ অধিকাংশ সময় ব্যবসার কথা বলে যৌনপল্লিতে সময় কাটাতেন। এ নিয়ে গত সোমবারও দুজনের মধ্যে ঝগড়া হয়। গতকাল ভোর চারটার দিকে আয়শা তাঁকে (লিলি) মুঠোফোনে মুরাদ বাড়িতে না আসার কথা জানান। ভোর সাড়ে পাঁচটার দিকে মুরাদ বাড়ি ফেরেন। এর ঘণ্টা খানেক পর তিনি আয়শার মৃত্যুর সংবাদ পান।
ঘটনার পর থেকে মুরাদ আত্মগোপনে। তবে মুরাদের মা বলেন, ‘কখনোই টাকাপয়সার জন্য বউমা আয়শাকে মারধর করা হতো না। সকাল সাড়ে ছয়টার দিকে ওদের দেড় বছরের ছেলে কান্নাকাটি করতে থাকে। পরে ডাকাডাকি করেও দরজা না খোলায় ঘরে উঁকি দিয়ে দেখি আয়শা গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সঙ্গে ঝুলে আছে।’