গোয়ালন্দে গৃহবধূর মাথা ফাটালেন মাদকসেবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মঙ্গলপুর গ্রামের শাহিদা আকতার নামের এক গৃহবধূকে গত বৃহস্পতিবার স্থানীয় এক মাদকসেবী লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া শাহিদার সারা শরীরে লাঠির এলোপাতাড়ি আঘাতের চিহ্ন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শাহিদা (৩৬) গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তিনি বাড়ির কাছেই মুদির দোকানে তেল ও লবণ আনতে যান। দোকানের পেছনের বাড়িতে মার্কেটের মালিক বাবলু শেখ (৪৫) তাঁকে ডাকেন। তিনি সেখানে গেলে তাঁর সম্পর্কে খারাপ মন্তব্য করেন। এর প্রতিবাদ করায় বাবলু অতর্কিতে তাঁকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। একপর্যায়ে লাঠির আঘাতে তাঁর মাথা ফেটে রক্ত ঝরে। তিনি সেখানে লুটিয়ে পড়েন। পরে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, গৃহবধূর মাথায় আটটি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর চিকিৎসা চলছে। আপাতত তিনি আশঙ্কামুক্ত। তবে ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাঁকে পুরোপুরি স্বাভাবিক বলা যাবে না।
শাহিদার স্বামী দিনমজুর হাফিজুল ইসলাম বলেন, তাঁর স্ত্রীর প্রতি বাবলুর কুনজর পড়ে। এর প্রতিবাদ করায় বাড়িতে ডেকে নিয়ে এভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। তিন বলেন, ‘বাবলু দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও ব্যবসা করে। কিন্তু নিজেকে সে সাধু বলে পরিচয় দেয়। এগুলা আসলে ভণ্ডামি। এর আগেও বাবলু এলাকার তিনজন গৃহবধূকে বাড়ি ছাড়তে বাধ্য করছে।’
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব শেখ বলেন, ‘বাবলু একজন খারাপ প্রকৃতির লোক। সাধুর বেশে মাদকের ব্যবসা করেন। প্রতিদিন বিভিন্ন এলাকার মাদকসেবীরা তাঁর বাড়িতে আসা-যাওয়া করত। এত কিছুর পর সাধু ভেবে কেউ কিছু বলত না। আমরা অনেক চেষ্টা করেও তাঁকে ভালো করতে পারি নাই।’
বাবলুর চাচাতো ভাই সেলিম শেখ বলেন, ‘বাবলুকে ভালো করতে আমরা অনেক আগে বিয়ে দিয়েছিলাম। কিন্তু বিয়ের প্রায় ছয় মাস পর তাঁকে ছেড়ে স্ত্রী চলে যান। এ ছাড়া নিয়মিত মাদকসেবন করায় পরিবারের কেউ বাবলুর সঙ্গে সম্পর্ক রাখেননি।’
গৃহবধূ শাহিদাকে পিটিয়ে জখম করার অভিযোগ স্বীকার করে বাবলু শেখ প্রথম আলোকে বলেন, ‘অন্যের স্ত্রীর গায়ে হাত তোলাটা অন্যায় হয়েছে। এ জন্য এলাকার সবাই মিলে যা ভালো হয় করেন।’
গতকাল দুপুরে জানতে চাইলে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, ‘এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে বাবলুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’