গোয়ালন্দে গ্রাম পুলিশের বাড়িঘর ভাঙচুর, একজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে এক গ্রাম পুলিশের বাড়িঘর ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। এ সময় হামলায় ওই পুলিশ গুলিবিদ্ধ হন। গতকাল সোমবার কাউয়ালজানি গ্রামে ওই ঘটনা ঘটে।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আক্কাছ মোল্লার বাড়িতে গতকাল বেলা তিনটার দিকে একদল সন্ত্রাসী হামলা চালায়। তারা চারটি টিনের ঘরের বেড়া ভাঙচুর ও ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এ সময় আক্কাছ ঘর থেকে বেরিয়ে এলে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তাঁর হাত ও পেট জখম হয়।
পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আক্কাছ মোল্লার পুত্রবধূ শামেলা বেগম জানান, গত রোববার বিকেলে প্রতিবেশী চাচাতো দেবর রিপন মোল্লা পাশের তেনাপচা গ্রামের নতুন পাড়া এলাকায় হাঁস-মুরগির ডিম কিনতে যান। ওই গ্রামের মোহন মিস্ত্রির ছেলে সজীব তখন রিপনকে এলাকায় ডিম কিনতে আসার কারণ জানতে চান। সেই সঙ্গে স্থানীয় এক মেয়ের সঙ্গে তিনি কেন কথা বলেছেন, তাঁর কারণও জিজ্ঞাসা করেন। একপর্যায়ে রিপনকে থাপড় দিয়ে তিনি এলাকায় আসতে বারণ করেন।
রিপন মোল্লাসহ এলাকার কয়েকজন অভিযোগ করেন, গতকাল সকালে রিপন ঘোড়ার গাড়িতে করে দেবগ্রামের পিয়ার আলী মোড় এলাকায় কিছু মালামাল নামিয়ে আবারও ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সজীবদের সঙ্গে দেখা হলে সজীব, রজব, ফরিদসহ কয়েকজন তাঁকে চড়-থাপড় মারেন। রিপন ফিরে বিষয়টি এলাকায় বললে তাঁর আত্মীয়স্বজন জোটবদ্ধ হয়ে তেনাপচা এলাকায় আসার প্রস্তুতি নেন।
এ খবর পেয়ে সজীবসহ অন্তত ১৬-১৭ জন গামছা দিয়ে মুখ বেঁধে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে আসে। এরপর আক্কাছ মোল্লার বাড়ির ঘর-দরজা ভাঙচুর ও কয়েকটি গুলি ছোড়ে। ঘটনার পর থেকে সজীবদের বাড়ির সবাই পলাতক রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্লাহ প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
ওসি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ দুটি শটগানের কার্তুজ উদ্ধার করেছে। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এবং এ ঘটনায় থানায় মামলাও দায়ের করেনি।