গোয়ালন্দে চিকিৎসক হত্যা রহস্য এখনো অজানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সপ্তাহ পার হলেও রাজবাড়ীর গোয়ালন্দে হোমিও চিকিৎসক মোশাররফ হোসেন মৃধা (৩৫) হত্যা রহস্য এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ। হত্যায় ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হলেও এখনো হত্যার কারণ ও জড়িত অপরাধীদের সম্পর্কে কোনো সুস্পষ্ট তথ্য মেলেনি। 

তবে পুলিশ বলছে, ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে তারা। কিন্তু তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না।
মোশাররফের বাড়ি উপজেলার দেবগ্রাম ইউনিয়নের শীতলপুর গ্রামে। গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে নিজ কার্যালয় থেকে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। তখন অজ্ঞাতনামা কয়েকজন যুবক তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন। এ ঘটনায় নিহত ব্যক্তির মামা আবদুর রশিদ মিয়া অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ ঘটনায় ১ জানুয়ারি পুলিশ জিহাদ সরকার নামের একজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। বর্তমানে জিহাদ কারাগারে। তবে এখনও পর্যন্ত হত্যা রহস্য উদঘাটন করা যায়নি।
মোশাররফের মামা আবদুর রশিদ মিয়া প্রথম আলোকে বলেন, পুলিশ এখন পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ ও অপরাধীদের পরিচয় জানতে পারেনি। এ কারণে পুরো পরিবার হতাশা ও আতঙ্কে আছে।
জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) এটিএম রফিক উদ্দিন বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে জিহাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না।